Arrest

আবাস যোজনায় কাটমানির অভিযোগ, পঞ্চায়েত কর্মীর পর গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার ভাই

পুলিশ সূত্রে খবর, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়।

কালিয়াচক থানা।
নিজস্ব সংবাদদাতা, কালিয়াচক
  • শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৭

আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে পঞ্চায়েত কর্মীকে গ্রেফতারের পর এ বার তাঁর ভাইকেও গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতের নাম রতন মণ্ডল। পেশায় তিনি সিভিক ভলেন্টিয়ার। তাঁর ভাই সন্দীপ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে রতনের নাম উঠে আসার পর তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। সোমবার রাতে কালিয়াচক থানার পুলিশ রামাশংকরটোলা এলাকায় সন্দীপ মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

সন্দীপ কালিয়াচক-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ট্যাক্স কালেক্টর পদে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর বিরুদ্ধে আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখতে শুরু করে, কত টাকা নেওয়া হয়েছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না।

সন্দীপকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর ভাই রতন মণ্ডলের নাম তদন্তকারীদের সামনে আসে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। রতন পেশায় সিভিক ভলেন্টিয়ার হলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি অস্বীকার করেছেন। পুরো ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, কালিয়াচক থানার পুলিশ তা খতিয়ে দেখছে।


Share