Health

বিশ্ব রোগী সুরক্ষা দিবসের আগে বড় পদক্ষেপ, বেসরকারি হাসপাতালে র‌্যাম্প বাধ্যতামূলক করার পথে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন

চিকিৎসা পরিষেবায় এই ধরনের অনভিপ্রেত ঘটনা যতটা সম্ভব এড়ানো যায়, সেই লক্ষ্যেই একাধিক পদক্ষেপ নিয়ে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের বৈঠকে আলোচনা হতে চলেছে।

স্বাস্থ্য ভবন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২১

আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি ১০ জন রোগীর মধ্যে অন্তত এক জন স্বাস্থ্য পরিষেবা নিতে গিয়ে কোনও না কোনও ভাবে ক্ষতির সম্মুখীন হন। চিকিৎসা পরিষেবায় এই ধরনের অনভিপ্রেত ঘটনা যতটা সম্ভব এড়ানো যায়, সেই লক্ষ্যেই একাধিক পদক্ষেপ নিয়ে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের বৈঠকে আলোচনা হতে চলেছে।

রাজ্যে পালাবদলের পর স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন বুধবার প্রথম বার ফুল বেঞ্চের বৈঠকে বসছে। সূত্রের খবর, প্রতিটি বেসরকারি হাসপাতালে র‌্যাম্প থাকা বাধ্যতামূলক করা-সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। হাসপাতালগুলিতে কমিশনের তরফে আচমকা পরিদর্শনের ব্যবস্থাও জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। এ ছাড়াও, বেসরকারি হাসপাতালে নার্সিং স্টাফের সংখ্যা, রোগী নিরাপত্তা এবং হাসপাতাল থেকে সংক্রমণ ছড়ানো ঠেকানোর মতো বিষয়গুলি বৈঠকের আলোচনায় থাকবে। নিয়ম অনুযায়ী, প্রতি পাঁচ জন রোগীর জন্য অন্তত এক জন জিএনএম স্টাফ থাকার কথা। পাশাপাশি, সংক্রমণের ঝুঁকি কমাতে দু’টি বেডের মধ্যে ন্যূনতম দুই ফুট দূরত্ব রাখার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।

বুধবার দুপুর তিনটে থেকে কমিশনের বৈঠক শুরু হবে। সেখানে উপস্থিত থাকবেন কমিশনের নতুন চেয়ারপার্সন, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। থাকবেন মৌমিতা গোদারা বসু (আইএএস), ডা. সুভাষচন্দ্র বিশ্বাস, ডা. সুশান্তকুমার বন্দ্যোপাধ্যায়, ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়, ডা. সন্দীপ রায় এবং ডা. শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। কমিশনের সদস্য ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতিটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে র‌্যাম্প রাখা বাধ্যতামূলক করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোনও হাসপাতালে র‌্যাম্পের ব্যবস্থা করা সম্ভব না হলে, বিকল্প হিসেবে লিফটের আকার বড় করার প্রয়োজন হতে পারে। রোগীদের নিরাপদে হাসপাতালের বিভিন্ন অংশে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সরকারি থেকে বেসরকারি হাসপাতালে যাতে রোগী বা রোগীর পরিজনকে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই দিকে নজর রাখা হচ্ছে। এবার ১৭ তারিখ বিশ্ব রোগী সুরক্ষা দিবসে বৈঠকে বসছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের ফুল বেঞ্চ।


Share