Drug Seized

খেজুরের আড়ালে গাঁজা পাচারের চেষ্টা! কেরল থেকে খড়্গপুর হয়ে আসার সময় ২৬ কেজি গাঁজা সমেত দুই পাচারকারীকে গ্রেফতার করল আরামবাগের পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে শনিবার বিকেল আনুমানিক তিনটে নাগাদ আরামবাগ বাসস্ট্যান্ডে পৌঁছোয় পুলিশ।

আরামবাগে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ
  • শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬

হুগলির আরামবাগ বাসস্ট্যান্ডে একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ। মাদক পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শেখ রফিক ও পল্টু দাস। রবিবার সকালে ধৃতদের আরামবাগ আদালতে হাজির করানো হবে।

পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগে থেকেই বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। বাসটি বিকেল ৩টে নাগাদ ঢুকতেই বাসে থাকা যাত্রীদের ব‍্যাগে তল্লাশি চালানো হয়। তাদের মধ্যে দু’জনের ব‍্যাগে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ মাদক বেরিয়ে আসে। তল্লাশির সময় শেখ রফিক এবং পল্টু দাসের ব‍্যাগ থেকে ১৩টি সিল করা প্যাকেট উদ্ধার হয়। ম‍্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওজন করানো হয়। প্রতিটি প্যাকেটে দু'কেজি করে ছিল। সব মিলিয়ে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ২৬ কেজি বলে পুলিশ জানিয়েছে।

শেখ রফিক আরামবাগের বাসিন্দা। অন‍্য দিকে, পল্টু দাস পূর্ব বর্ধমানের বাসিন্দা। শেখ রফিকের দাবি, সে কেরল থেকে খড়্গপুরে এসেছিল। সেখান থেকে বাসে চেপে আরামবাগের উদ্দেশ্যে রওনা দেয়। ব‍্যাগে করে খেজুর আনছিল। কিন্তু ব‍্যাগে যে গাঁজা এল তা সে জানে না।

মাদক পাচারের অভিযোগে শেখ রফিক ও পল্টু দাসকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে এবং কীভাবে গাঁজা আনা হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। মাদক পাচার বিরোধী ও ভারতীয় ন‍্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, হুগলির গ্রামীণ মাদক পাচারের হটস্পট হিসেবে চিহ্নিত রয়েছে। তাই সেখানে অতিরিক্ত নজরদারি চলছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে। রবিবার ধৃতদের আদালতে হাজির করানো হবে।


Share