Drowning

স্কুলে না ঢুকে মাছ ধরতে গিয়ে বিপত্তি, অশোকনগরে পুকুরে ডুবে মৃত্যু একাদশ শ্রেণির দুই ছাত্রের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিরবাবার পুকুরে এর আগেও ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও পুকুরটির নিরাপত্তা নিয়ে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৫

মঙ্গলবার স্কুলে যাওয়ার পর ক্লাসে ঢোকেনি দুই পড়ুয়া। তারা দুই বন্ধু পাশের পুকুরে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু সেই মাছ ধরতে গিয়ে বিপত্তি। পুকুরে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই ছাত্রের। উত্তর ২৪ পরগনার অশোকনগরে পিরবাবার পুকুরে ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম প্রথম দাশগুপ্ত (১৭) এবং শিবম পাল (১৭)। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রথম এবং শিবম অশোকনগর বয়েজ় সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণিতে পড়ত। মঙ্গলবার তারা স্কুলে ঢোকেনি। স্কুলের পাশেই পিরবাবার পুকুরে মাছ ধরতে যায়। তাদের সঙ্গে আরো এক ছাত্র ছিল। জানা গিয়েছে, গামছা দিয়ে মাছ ধরতে গিয়ে আচমকাই প্রথম এবং শিবম কোনও ভাবে জলে পড়ে যায়।

দুই বন্ধুকে জলে তলিয়ে যেতে দেখে সঙ্গে থাকা ছাত্রটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা এবং স্কুলের শিক্ষকরা দ্রুত পুকুরের কাছে ছুটে যান। স্থানীয় কয়েক জন জলে নেমে প্রথম দাশগুপ্তকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এর পর শিবম পালের খোঁজে পুকুরে তল্লাশি শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অশোকনগর থানার সিভিক ভলান্টিয়াররাও জলে নেমে তল্লাশি চালান। শেষ পর্যন্ত পুকুরের কচুরিপানার নীচ থেকে শিবমের দেহ উদ্ধার করা হয়।

প্রথম দাশগুপ্তের বাড়ি অশোকনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। তার বাবা-মা দু’জনেই প্রয়াত। হোস্টেলে থেকেই সে পড়াশোনা করত। অন্য দিকে, শিবম পালের বাড়ি অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। তার বাবা একটি গেঞ্জির কারখানায় কাজ করেন। দুই ছাত্রের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছোতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিরবাবার পুকুরে এর আগেও ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও পুকুরটির নিরাপত্তা নিয়ে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে পুকুরটি ঘিরে দেওয়া, সিসিটিভি বসানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা।

ঠিক কী ভাবে দুই ছাত্র পুকুরের জলে তলিয়ে গেল, তা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ।


Share