Arms Seized

অপরাধ সংঘটিত করতে জড়ো হওয়া! নদিয়ার বীরনগরে চণ্ডীতলায় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সমেত গ্রেফতার দুষ্কৃতী

সোমবার ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

ধৃতের নাম সুমন বিশ্বাস।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১০ আগস্ট ২০২৬ ০২:২৭

নদিয়ার বীরনগর চণ্ডীতলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সমেত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল তাহেরপুর থানার পুলিশ। ধৃতের নাম সুমন বিশ্বাস। তিনি শিমুরালি চাঁদুড়িয়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বীরনগর চণ্ডীতলা এলাকায় তাহেরপুর থানার পুলিশ অভিযান চালায়। সেই সময় সন্দেহজনক ভাবে সুমনকে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশকে দেখে সেখান থেকে তিনি পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাঁকে ধাওয়া করে ধরে ফেলে।

তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এলাকায় কোনও বড় ধরনের অপরাধের ছক কষতেই সেখানে সুমন ঘোরাফেরা করছিল।

ঘটনার পর পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার ধৃত সুমন বিশ্বাসকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।


Share