Molestration

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রৌঢ় প্রতিবেশী

নাবালিকা যাতে বাড়িতে কিছু না জানায়, সেই জন্য কখনও ২০ টাকা, কখনও ৫০ টাকা দিয়ে তাকে চুপ করিয়ে রাখার চেষ্টা করতেন অভিযুক্ত বলে দাবি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ০৫:২৮

নদিয়ার নবদ্বীপে ষষ্ঠ শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে একাধিকবার যৌন হেনস্থার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় নবদ্বীপ থানার পুলিশ স্বপন ভৌমিক নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি মহেশগঞ্জের নেহেরু নগর কলোনি এলাকায়। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর বয়স ১৩ বছর। অভিযোগ, গত ২৬ অক্টোবর বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে বাথরুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেন অভিযুক্ত। এর আগেও একাধিকবার একই ধরনের আচরণ করা হয়েছিল বলে অভিযোগ। নাবালিকা যাতে বাড়িতে কিছু না জানায়, সেই জন্য কখনও ২০ টাকা, কখনও ৫০ টাকা দিয়ে তাকে চুপ করিয়ে রাখার চেষ্টা করতেন অভিযুক্ত বলে দাবি।

সম্প্রতি এক প্রতিবেশী মহিলা অভিযুক্তকে নাবালিকাকে টাকা দিতে দেখেন। এরপর বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনা সামনে আসে বলে জানা গিয়েছে। পরে পরিবারের তরফে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে স্বপন ভৌমিককে পুলিশ গ্রেফতার করে। ধৃতকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


Share