Attempted to Murder

অ‍্যাপ ক‍্যাব বাইকে স্ত্রী, পিছন থেকে গাড়ি নিয়ে ধাক্কা স্বামীর, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি দু’জন, পলাতক অভিযুক্ত

নিউ টাউনের অ্যাকশন এরিয়া ওয়ানে এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুকৃতি আদিত্য ও বাইকচালক। পারিবারিক আক্রোশ থেকে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

দুর্ঘটনায় জখম মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ০২:৫২

স্ত্রী অ‍্যাপ ক‍্যাব বাইকে সওয়ার। পিছন দিক থেকে গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মারলেন স্বামী! কেন এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় স্ত্রী এবং বাইকচালক গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিউ টাউনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গতকাল রাতে নিউটাউনের অ্যাকশন এরিয়া ওয়ানের বিজি ব্লকের সামনে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। জখম মহিলার নাম সুকৃতি আদিত্য। তিনি কেষ্টপুরে ভাড়া বাড়িতে থাকেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সুকৃতি পেশায় বিউটি পার্লারের কর্মী। তিনি বাইক বুক করে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় পিছন থেকে একটি গাড়ি সজোরে বাইকের পিছনে ধাক্কা মারে।

প্রত‍্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি ধাক্কা মারার পরে মহিলা-সহ দু’জনেই ছিটকে পড়েন। একবার নয়, ঘাতক গাড়িটি আবার পিছনে নিয়ে এসে মহিলাকে পিষে দেওয়ার চেষ্টা করে। লোকজন জড়ো হলে চালকের আসনে থাকা ব্যক্তি গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

পুলিশ সূত্রের খবর, যে গাড়িটি চালাচ্ছিলেন তিনি জখম মহিলার স্বামী। ঘটনার পরে স্থানীয়েরা নিউ টাউন থানার পুলিশকে খবর দেন। সুকৃতি আদিত‍্য এবং বাইক চালককে গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সুকৃতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এনআরএসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

এই ঘটনা কেন ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। নিউ টাউন থানায় খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। পারিবারিক আক্রোশ থেকেই এই ঘটনা বলে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে। পলাতক অভিযুক্ত স্বামীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।


Share