Road Accident

পঞ্চমীতে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত সরকারি বাসের কন্ডাক্টর, আহত আট জন

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক সরকারি বাসের কন্ডাক্টরের। ঘটনায় লরির খালাসিকে আটক করেছে পুলিশ।

একটি কন্টেনারে লরিটি ধাক্কা দেয়
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১০:৫৪

পুজোর পঞ্চমীতে ফের পথ দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক সরকারি বাসের কন্ডাক্টরের। এই ঘটনায় আহত হয়েছেন আট জন। দুর্ঘটনার জেরে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের ধারে একটি হোটেলের সামনে দাঁড়িয়েছিল তিনটি বাস। সেই সময় খড়্গপুরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসগুলিতে ধাক্কা মারে। এরপর একটি কন্টেনারেও লরিটি ধাক্কা দেয়। আচমকা এই দুর্ঘটনায় একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ওই হোটেলের সামনে দীঘা থেকে দুর্গাপুর গামী একটি সরকারি বাসও দাঁড়িয়েছিল। লরির ধাক্কায় ওই বাসের কন্ডাক্টরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে, ঘাটাল থেকে ওড়িশাগামী একটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন আট জন। 

খবর পেয়ে নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছোয়। তাঁদের উদ্যোগে পরিস্থিতি সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘাতক লরির খালাসিকে পুলিশ আটক করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।


Share