Asian Games

এশিয়ান গেমসে জয়ী পিঙ্কি সোনার পদক নিয়ে শহরে, দেওয়া হল নাগরিক সংবর্ধনা, উচ্ছ্বাসে মাতল রানাঘাট

তাঁকে সম্মান জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের প্রতিনিধিরা। অসুস্থতার কারণে বিধায়ক নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

সংবর্ধনা দেওয়া হচ্ছে পিঙ্কি রায়কে
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০৬:১১

সাফল্যের মুকুটে আরও এক পালক। আন্তর্জাতিক মঞ্চে কাবাডিতে সোনা জিতে এবার নিজের শহর রানাঘাটে ফিরলেন পিঙ্কি রায়। রবিবার নিজের শহরে পা রাখতেই এলাকার মানুষ তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন। ‘সোনার মেয়ে’কে বরণ করে নিতে রবিবার রানাঘাট পুরসভার কৃষ্ণপন্থী সভাঘরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এশিয়ান গেমসে দেশের হয়ে সোনা জয়ের পর এদিনই প্রথম জন্মভূমি রানাঘাটে ফেরেন পিঙ্কি। তাঁকে সম্মান জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের প্রতিনিধিরা। অসুস্থতার কারণে বিধায়ক নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। বিধায়কের উদ্যোগের পাশাপাশি রানাঘাট চারের পল্লী পুজো কমিটি, শিক্ষক সংগঠন এবং পৌর কর্মচারী সংগঠনের তরফেও পিঙ্কি রায়কে বিশেষ সম্মান জানানো হয়।

আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করে নিজের শহরে ফিরতে পেরে পিঙ্কি আবেগপ্রবণ হয়ে পড়েন। সংবর্ধনা অনুষ্ঠানে ফিরে আসে তাঁর শৈশবের নানা স্মৃতি। সোনা জয়ের আনন্দ তো ছিলই। তবে তারই মধ্যে তাঁর কোথায় মা-বাবাকে হারানোর বেদনা ফুটে ওঠে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিঙ্কি বলেন, “এশিয়ান গেমসে সোনা জেতাই আমার মূল স্বপ্ন ছিল। জন্মভূমির মানুষের এই ভালোবাসা আমাকে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।”


Share