Body Recovery

শান্তিপুরে ঘরের ভিতর থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

শান্তিপুরের বৈষ্ণবপাড়া এলাকায় ঘরের ভিতর থেকে উদ্ধার হল ৫৭ বছরের বুলু শর্মার পচাগলা দেহ।

দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৭

শান্তিপুরের বৈষ্ণবপাড়া এলাকায় ঘরের ভিতর থেকে এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম বুলু শর্মা (৫৭)। তিনি বাড়িতে একাই থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

পরিবার সূত্রে খবর, শনিবার শেষবার বুলু শর্মার সঙ্গে দেখা হয়েছিল তাঁর জামাই নিতাই সূত্রধরের। এরপর এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই বাড়িতে যান। সেখানে বৃদ্ধার পচাগলা দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।

মৃতার জামাই নিতাই সূত্রধর জানান, বুলু শর্মা দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মাঝেমধ্যেই মেয়ের বাড়িতে গিয়ে চিকিৎসা করাতেন তিনি। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share