Accident

বেহাল রাস্তায় বিপত্তি, ভাঙা রাস্তায় টোটো উল্টে মৃত্যু যাত্রীর, কাশীপুরে রাস্তা মেরামতের দাবি

হাওড়ার কাশীপুরে ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়ার সময় উল্টে গেল টোটো। গুরুতর আহত এক যাত্রীর মৃত্যু হয়েছে হাসপাতালে। রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ স্থানীয়দের, দ্রুত মেরামতের দাবি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ১০:০৯

ভাঙা রাস্তায় বিপদ। টোটো উল্টে মৃত্যু হল এক যাত্রীর। ঘটনাটি হাওড়ার কাশীপুর এলাকার। দুর্ঘটনার পর বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। রাস্তা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রমেশ নস্কর। তিনি ডোমজুড় থানার লক্ষ্মণপুর এলাকার বাসিন্দা। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে রমেশ দাসপুর গিয়েছিলেন। শনিবার সেখান থেকে বাড়ি ফেরার সময় কাশীপুর এলাকায় তিনি দুর্ঘটনার মুখে পড়েন।

জানা গিয়েছে, ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই টোটোটি উল্টে যায়। টোটোয় থাকা অন্য যাত্রীরা তেমন গুরুতর আহত হননি। তবে রমেশের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই রমেশের মৃত্যু হয়েছে।

এই ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি রাস্তার বেহাল দশা নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। টোটোচালক রাজা সেনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রাস্তা দিয়ে যাতায়াত করা সমস্যার হয়ে উঠেছে। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত রয়েছে। পরিস্থিতি এমনই যে, অনেক সময় যাত্রীদের নামিয়ে গর্ত পার করতে হয়। চালকরা কখনও আবার ঘুরপথে যেতে বাধ্য হন। রাজা সেনের দাবি, দ্রুত রাস্তা মেরামত না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে।

অন্যদিকে, হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর আগেই রাস্তার প্যাচওয়ার্কের কাজ শেষ করা হবে। বৃষ্টির কারণে এতদিন রাস্তার কাজ করা সম্ভব হয়নি বলেও পুরসভার তরফে জানানো হয়েছে।


Share