Body Recovery

নদিয়ায় বয়স্ক মহিলার গলাকাটা দেহ উদ্ধার, পূর্বশত্রুতার জেরে খুন বলে সন্দেহ, তদন্তে পুলিশ

প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জের বলে অনুমান, ঘটনার তদন্তের পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে জড়িতদের ভূমিকা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫০

নদিয়ার কালীগঞ্জে এক বয়স্ক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার কালীগঞ্জ থানার শিয়ালখানা গ্রাম থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।

মৃতার নাম হাসনা বানু শেখ। তাঁর স্বামীর নাম গোলাম হোসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির কাছ থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। এর পর দেহটি উদ্ধার করে কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা পুলিশ খতিয়ে দেখছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share