Anganwadi Workers

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবারের জন্য বড় ঘোষণা রাজ্যের! ৬৫ বছরের আগে আকস্মিক মৃত্যু হলেই এককালীন ৫ লক্ষ টাকা, ১ এপ্রিল থেকেই কার্যকর নয়া নিয়ম

কর্মরত অবস্থায় ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে কোনও অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার আকস্মিক মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১১:০২

রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবারের জন্য বড় আর্থিক সুরক্ষার ঘোষণা করল সরকার। কর্মরত অবস্থায় ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে কোনও অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার আকস্মিক মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সরকারি এবং বেসরকারি সংস্থা বা এনজিও পরিচালিত, উভয় ধরনের আইসিডিএস প্রকল্পের কর্মীরাই এই সুবিধা পাবেন। উল্লেখযোগ্য বিষয় হল, আগামী দিনে নয়, গত ১ এপ্রিল থেকেই এই নতুন আর্থিক সুবিধা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের বিশেষ সচিবের জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অর্থ দফতরের সম্মতির ভিত্তিতেই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য এই এককালীন মৃত্যুকালীন আর্থিক সাহায্য চালু করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, কর্মরত অবস্থায় ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই কোনও কর্মী বা সহায়িকার আকস্মিক মৃত্যু হলে তাঁর পরিবার পাঁচ লক্ষ টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

তবে এই আর্থিক সাহায্য কারা পাবেন, তা নির্ধারণের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের মৃত্যুকালীন আর্থিক সুবিধা প্রদানের প্রচলিত নিয়ম অনুসরণ করা হবে। মৃত কর্মী বা সহায়িকার পরিবারের তরফে আবেদন জানাতে হবে। সেই আবেদনের সঙ্গে মৃতের নাম, আবেদনকারীর সঙ্গে তাঁর সম্পর্কের প্রমাণ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। অতিরিক্ত জেলাশাসক (আইসিডিএস)-এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রস্তাব পাঠানোর পর নথি যাচাই করে আর্থিক সাহায্য প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এই প্রকল্পে আর্থিক ব্যয়ের দায়িত্ব থাকবে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের নির্দিষ্ট খাতের উপর। অর্থ দফতরের গ্রুপ পি-২ শাখার অনুমোদনের পরই এই নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের সংশ্লিষ্ট দফতর, জেলাশাসক, ট্রেজারি অফিসার এবং আইসিডিএস আধিকারিকদের কাছেও নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের আইসিডিএস পরিষেবায় শিশু ও প্রসূতি মায়েদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল স্তরে দীর্ঘদিন ধরে কাজ করা এই কর্মীদের কর্মজীবনে আকস্মিক মৃত্যুর মতো পরিস্থিতিতে তাঁদের পরিবারের আর্থিক অনিশ্চয়তা কিছুটা কমাতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ৬৫ বছরের আগে মৃত্যু হলে পরিবারের হাতে এককালীন পাঁচ লক্ষ টাকা পৌঁছে দেওয়ার এই সিদ্ধান্তে উপকৃত হবেন বহু কর্মী ও তাঁদের পরিজন।


Share