Modi-Adani Video Controversy

‘মোদী ও আদানি’ ভিডিয়ো ঘিরে বিতর্ক, সব সমাজমাধ‍্যম থেকে সরানোর নির্দেশ কলকাতা হাই কোর্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৌতম আদানিকে নিয়ে বিতর্কিত পডকাস্ট ভিডিয়ো অবিলম্বে সমস্ত সমাজমাধ্যম থেকে সরানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

(বাঁ দিক থেকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৌতম আদানি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ০৮:১২

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে তৈরি একটি পডকাস্ট ভিডিয়োকে কেন্দ্র করে আইনি বিতর্ক তীব্র হল। ওই ভিডিয়োকে মিথ্যা ও মানহানিকর বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড। সোমবার এই মামলার শুনানিতে সংশ্লিষ্ট ভিডিয়োটি অবিলম্বে সমস্ত সমাজমাধ‍্যম প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি আর্যক দত্তের এই নির্দেশ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, শুধু মূল ভিডিয়োটিই নয়, যে ইউটিউব চ্যানেল থেকে সেটি আপলোড করা হয়েছিল এবং যে সমস্ত চ্যানেলে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, সেখান থেকেও তা সরাতে হবে। পাশাপাশি, এই মামলায় উভয়পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মামলাকারীদের বক্তব্য অনুযায়ী, ‘Bcubed (Breaking Boundaries with Sabeer Bhatia)’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ওই পডকাস্ট ভিডিয়োটি তৈরি ও প্রকাশ করা হয়েছিল। ভিডিয়োটির শিরোনাম ছিল, ‘মোদী ও আদানি কী ভাবে ভারতকে লুঠ করেছেন!’ ইউটিউবের পাশাপাশি সমাজমাধ্যম ‘এক্স’-এও ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল বলে আদালতে জানানো হয়েছে।

আদানি এন্টারপ্রাইজেসের তরফে দাবি করা হয়েছে, ওই পডকাস্টে সংস্থাকে নিয়ে যে সমস্ত বক্তব্য ও অভিযোগ করা হয়েছে, তার কোনও ভিত্তি নেই। মামলাকারীদের অভিযোগ, ভিডিয়োটিতে অসত্য তথ্য তুলে ধরে সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে।

আদালতে মামলাকারীদের তরফে আরও জানানো হয়েছে, মূল ইউটিউব চ্যানেল ছাড়াও দেশের বিভিন্ন চ্যানেলে ভিডিয়োটি অথবা তার কিছু অংশ আপলোড করা হয়েছে। এমনকী, বাংলাদেশের একটি চ্যানেলেও ওই ভিডিয়ো প্রকাশিত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এই পরিস্থিতিতে ভিডিয়োটির প্রচার বন্ধ করতে আদালতের হস্তক্ষেপ চেয়েছিল আদানি এন্টারপ্রাইজেস। মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের নির্দেশ, সংশ্লিষ্ট ভিডিয়োটি অবিলম্বে সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে হবে। এখন এই নির্দেশের পর সংশ্লিষ্ট ভিডিয়োগুলি কত দ্রুত সরানো হয়, সেদিকেই নজর থাকবে।


Share