CIA Secret Files Leaked

ইজরায়েল ও ইরান সংক্রান্ত গোপন তথ্য ফাঁসের অভিযোগ CIA-র ঠিকাদারের বিরুদ্ধে, নজরদারি চালানোর পরে FBI-এর হাতে গ্রেফতার অভিযুক্ত

FBI-এর ডিরেক্টর ক‍্যাশ পটেল বলেন, “আমেরিকার গোপন তথ্য সুরক্ষিত রাখা অন্যতম প্রধান অগ্রাধিকার। সরকারে আস্থাভাজন পদে থেকে যে কেউ যদি সেই ক্ষমতার অপব্যবহার করে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করেন এবং আমাদের সাহসী সেনাদের ঝুঁকির মুখে ঠেলে দেন, তবে তাঁকে আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে।”

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আন্তর্জাতিক ডেক্স
  • শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ০১:৩০

আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA-র এক ঠিকাদার ইয়ান ব্রিঙ্কসম্যানের বিরুদ্ধে অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। আমেরিকার বিচার বিভাগ এই অভিযোগ এনেছে। অভিযোগ, ওই ঠিকাদার ইজরায়েল ও ইরান-সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পর্কিত অন্তত পাঁচটি অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্যের রিপোর্ট অননুমোদিতভাবে ফাঁস করে দিয়েছেন। গত শুক্রবার ইয়ান ব্রিঙ্কসম্যানকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্যের নিরাপত্তা এবং গোপন নথি সংরক্ষণের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

৪২ বছর বয়সী ইয়ান ব্রিঙ্কসম্যান সরাসরি ঠিকাদার ছিলেন। মামলার হলফনামায় তদন্তকারীরা অভিযোগের বিস্তারিত বিবরণ দিয়েছেন। যে সুরক্ষিত কেন্দ্রে ইয়ান ব্রিঙ্কসম্যান কাজ করতেন, সেখান থেকে বেরিয়ে আসার পর তাঁর গতিবিধি সন্দেহজনক বলে দাবি করা হয়েছে। তার পরেই ইয়ানের ওপরে নজরদারি শুরু করে এফবিআই।

তদন্তকারীদের দাবি, যে স্থাপনায় ইয়ান ব্রিঙ্কসম্যান কাজ করতেন, সেখানে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। অনুমোদনহীন ইলেকট্রনিক যন্ত্র নিয়েও ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল। সাধারণত গোয়েন্দাদের অত্যন্ত গোপনীয় গোয়েন্দাদের নথির ছবি তোলা, তথ্য অনুলিপি করা বা অননুমোদিত উপায়ে বাইরে পাঠানো যাতে প্রতিরোধ করতে এই বিধিনিষেধ আরোপ করে সংস্থা। কিন্তু ইয়ান ব্রিঙ্কসম্যান নিজের ফোন নিয়ে সংস্থার দফতরে প্রবেশ করেছিলেন। সেখান থেকে কিছু তথ্য ইয়ান ফোনে কপি করেছেন। তা পরে বান্ধবীকে পাঠিয়েছেন। তার পরে তা ফাঁস করা হয়েছে।

অভিযোগে এ-ও বলা হয়েছে, ফাঁস হওয়া রিপোর্টগুলির মধ্যে ইজরায়েল ও ইরান সংক্রান্ত তথ্যও ছিল। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, আমেরিকার সামরিক তথ‍্য এবং আঞ্চলিক কৌশলগত পরিবর্তনের প্রেক্ষাপটে এই দু’দেশ আমেরিকার গোয়েন্দাদের মূল্যায়নের অত‍্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

তবে সংশ্লিষ্ট নথিগুলিতে ঠিক কী তথ্য ছিল এবং সেগুলি ফাঁসের ফলে কী ধরনের ক্ষতি হতে পারে, তা নিশ্চিত করতে তদন্তকারীরা কাজ করছে বলে আদালতে জমা দেওয়া হলফনামায় বলা হয়েছে। ঘটনার পরে আমেরিকার গোয়েন্দা ব্যবস্থার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অনুমোদিত কর্মীদের কাছে গোপন নথি পৌঁছোলেও সেই তথ্য কীভাবে ব্যবহার করা হচ্ছে, তার ওপর নজরদারি এবং তথ্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করছে তদন্তকারীরা।

FBI-এর ডিরেক্টর ক‍্যাশ পটেল বলেন, “আমেরিকার গোপন তথ্য সুরক্ষিত রাখা অন্যতম প্রধান অগ্রাধিকার। সরকারে আস্থাভাজন পদে থেকে যে কেউ যদি সেই ক্ষমতার অপব্যবহার করে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করেন এবং আমাদের সাহসী সেনাদের ঝুঁকির মুখে ঠেলে দেন, তবে তাঁকে আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে।”


Share