Shoot Out

প্রকাশ্য রাস্তায় বাইক থামিয়ে গুলি! আহত ১৫ বছরের নাবালক, ভর্তি কলকাতার হাসপাতালে, আটক পাঁচজন

খড়্গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ। বুকে গুলি লেগে গুরুতর জখম ১৫ বছরের অক্ষয় ঝা।

আহতকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ০৫:৩৫

খড়্গপুরে প্রকাশ্যে চলল গুলি। ঘটনায় গুরুতর জখম ১৫ বছরের এক ছাত্র। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় ঘটনাটি ঘটে। ছাত্রটিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে। জখম নাবালকের নাম অক্ষয় ঝা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গীতাঞ্জলি হলের কাছে ওই ছাত্রটি একটি গলিতে বাইকে করে যাচ্ছিল। বাইকটি চালাচ্ছিলেন অন্য এক ব্যক্তি। সেই সময় একটি বাইকে করে দুই দুষ্কৃতী এসে অক্ষয়কে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি এসে তার বুকে লাগে। রক্তাক্ত অবস্থায় সে রাস্তায় পড়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর আহত ছাত্রকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঠিক কী কারণে ওই ছাত্রকে লক্ষ্য করে গুলি চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে।


Share