Attempted to Murder

মোবাইল গেম খেলতে বাধা! রাগের মাথায় ছেলের হাতে বঁটির কোপ দিলেন বাবার, হাসপাতালে কিশোর, গ্রেফতার বাবা

স্থানীয়দের দাবি, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। পরিবারের তরফে লিখিত অভিযোগ জমা পড়লে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, তমলুক
  • শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ ০১:১০

ছেলে মোবাইল গেমে আসক্ত। বাবা বারংবার এই বিষয়ে আপত্তি জানিয়েছেন। সেই নিয়ে বাবা ছেলের মধ্যে প্রায়ই অশান্তি হত। শেষ পর্যন্ত সেই বিবাদ ভয়াবহ রূপ নিল। রাগের মাথায় নিজের ছেলের হাতেই বঁটি দিয়ে কোপ মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। কিশোর একাদশ শ্রেণির ছাত্র। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের ময়নার ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত বাবাকে পুলিশ গ্রেফতার করেছে। তমলুক আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ওই ব্যক্তি কাজ সেরে বাড়ি ফেরেন। তারপর ছেলেকে খাবার খেতে ডাকেন। কিন্তু তখনও কিশোর মোবাইলে গেম খেলছিল। বাবার একাধিকবার ডাকেও সে কোনও সাড়া দেয়নি। এতেই বাবা মেজাজ হারান। ছেলেকে বকাঝকা শুরু করেন। কিশোরও পালটা জবাব দেয়। এরপর দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বচসা বাড়তে থাকায় আচমকাই হাতের কাছে থাকা বঁটি নিয়ে তিনি ছেলের দিকে এগিয়ে যান। অভিযোগ, সেই বঁটি দিয়েই তিনি ছেলের হাতে কোপ বসান।

বটির আঘাতে সে গুরুতর জখম হয়। তার চিৎকার শুনে ছুটে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই আহত অবস্থায় ওই পড়ুয়াকে উদ্ধার করে ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। স্থানীয়দের দাবি, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। প্রথমে তাঁকে আটক করা হয়। পরে পরিবারের তরফে লিখিত অভিযোগ জমা পড়লে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

মোবাইল ব্যবহার নিয়ে পরিবারের অশান্তি যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তার আরেকটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে গুজরাটের সুরাটে। সেখানে মোবাইল ব্যবহার নিয়ে বিবাদের জেরে সৎবাবাকে খুনের অভিযোগ উঠেছিল এক কিশোরীর বিরুদ্ধে। জানা গিয়েছে, মোবাইলে অতিরিক্ত সময় কাটানো নিয়ে সৎবাবার সঙ্গে তার প্রায়ই বিরোধ হত। সেই বিবাদের জেরেই প্রেশার কুকারের ঢাকনা দিয়ে সৎবাবার মাথায় সে আঘাত করে। পরে আনাজ কাটার ছুরি দিয়েও একাধিকবার আঘাত করা হয় বলে অভিযোগ। মৃত্যু হয় ওই ব্যক্তির।

পরপর এমন ঘটনায় মোবাইল আসক্তি এবং তা ঘিরে পারিবারিক সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। মনোবিদদের পরামর্শ, মোবাইল ব্যবহারের অভ্যাস নিয়ন্ত্রণে আনতে সন্তানদের মারধর বা শাস্তি দেওয়ার পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাহায্য নেওয়াও জরুরি।


Share