Narendra Modi

গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন, ৭৫ বছরে ভারতের বদলের খতিয়ান খড়্গপুর আইআইটির মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

শনিবার আইআইটির প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আইআইটি খড়্গপুর ভারতের বহু পরিবর্তনের সাক্ষী। ৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ০৬:০৯

খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে ‘পরিবর্তিত’ ভারতের ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তাঁর বক্তব্যে উঠে এল ‘বিকশিত ভারত’ গড়ার স্বপ্ন। শনিবার আইআইটির প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আইআইটি খড়্গপুর ভারতের বহু পরিবর্তনের সাক্ষী। ৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত।”

গত ১২ বছরে দেশের ৫০ কোটি মানুষকে দারিদ্রসীমার বাইরে নিয়ে আসা এবং মহিলাদের জন্য শৌচাগার নির্মাণের মতো একাধিক পদক্ষেপের কথা মোদী তুলে ধরেন। বিরোধীদের সরাসরি নাম না করেই তাঁর কটাক্ষ, “একটা সময় ধারণা ছিল, গরিবি কখনও দূর হবে না। কেউ ক্ষমতা দেখায়নি যে গরিবি দূর করা যায়। ক্ষমতায় আসার পরই আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করি। গরিবদের শক্তিশালী করেছি।” পড়ুয়াদের উদ্দেশ্যে তাঁর বার্তা, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করতে না পারলে আমার শান্তি নেই।”

পশ্চিমবঙ্গের ইতিহাস ও ঐতিহ্যের কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের মাটি এমন মাটি, যেখানে নতুন ভাবনার জন্ম হয়েছে। এই রাজ্য স্বাধীনতা সংগ্রামের অন্যতম পীঠস্থান। স্বাধীনতা সংগ্রামীরা দেশকে উচ্চতার শিখরে দেখতে চেয়েছিলেন। আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার এই যাত্রাই বিকশিত ভারতের আসল শক্তি।” আইআইটি খড়্গপুরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মোদী বলেন, ভারতের প্রথম সাধারণ নির্বাচনের আগেই এই প্রতিষ্ঠানের জন্ম। দেশ গঠনে আইআইটির পড়ুয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শিল্পায়নের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী এ দিন বামেদেরও নিশানা করেন। তাঁর অভিযোগ, প্রায় ৫০ বছর আগে ভারতে সেমিকন্ডাক্টর তৈরির সংস্থা এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে সেই সংস্থাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।

শনিবার সকাল ১০টার কিছু পরে নির্ধারিত সময়েই প্রধানমন্ত্রী খড়্গপুরে পৌঁছোন। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ কলাইকুন্ডায় তাঁকে স্বাগত জানান। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সফরসূচিতে কিছুটা পরিবর্তন করতে হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কলাইকুন্ডা থেকে হেলিকপ্টারে আইআইটি খড়্গপুরের হেলিপ্যাডে পৌঁছোনোর কথা ছিল মোদীর। কিন্তু বৃষ্টির জেরে শেষ পর্যন্ত তিনি সড়কপথেই গন্তব্যে পৌঁছোন।

প্রধানমন্ত্রী আইআইটি খড়্গপুরে চালু হওয়া ডাক্তারি কোর্সের পঠনপাঠনের জন্য নির্ধারিত পরিকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি, তিনি প্রতিষ্ঠানের প্রায় ৭৫ জন পড়ুয়ার সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ বিশিষ্ট ব্যক্তিরা। আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান।

প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে এ দিন ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রাও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ রুপো দিয়ে তৈরি এই মুদ্রার ওজন ৪০ গ্রাম এবং ব্যাস ৪৪ মিলিমিটার। মুদ্রাটির প্রান্তে রয়েছে ২০০টি খাঁজ। এক পিঠে অশোক স্তম্ভের সিংহমূর্তি এবং অন্য পিঠে আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তীর লোগো খোদাই করা হয়েছে।


Share