Fire Incident

দীপাবলির আগেই অগ্নিকাণ্ডের গ্রাসে কালীপুজোর মণ্ডপ! পাঁশকুড়ায় দাউদাউ করে জ্বলল গোটা মণ্ডপ

ভূত চতুর্দশীর সন্ধ্যায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল যশোড়া গ্রামের বিগ বাজেটের কালীপুজোর মণ্ডপ। শর্ট সার্কিট থেকে আগুন লাগার অনুমান স্থানীয়দের।

আগুনে জ্বলছে কালীপুজোর মন্ডপ
নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়া
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ ০৯:০১

রাত পোহালেই কালীপুজো। শ্যামা মায়ের আরাধনায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পুজো উদ্যোক্তারা। ঠিক তখনই উৎসবের আনন্দে ছন্দপতন পাঁশকুড়ায়। ভূত চতুর্দশীর সন্ধ্যায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি কালীপুজোর মণ্ডপ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়া গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

যশোড়া কালীবাজার সমিতি ও গ্রামবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত এই কালীপুজো এলাকার অন্যতম বড় পুজো হিসেবে পরিচিত। এবছর পুজো উপলক্ষে বাঁশের কাঠামোর উপর পাটের কারুকার্য দিয়ে একটি বিশাল মণ্ডপ তৈরি করা হয়েছিল। পাশাপাশি মণ্ডপের সামনের অংশ সাজানো হয়েছিল থার্মোকলের বিশেষ মূর্তি দিয়ে। সব প্রস্তুতি প্রায় শেষ। রবিবার কালীপুজোর দিন মণ্ডপ উদ্বোধনেরও কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল ৫টা নাগাদ আচমকাই মণ্ডপের একটি অংশ থেকে বাসিন্দারা আগুনের শিখা দেখতে পান। মণ্ডপ তৈরিতে দাহ্য সামগ্রী ব্যবহার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোটা মণ্ডপ গ্রাস করে নেয়। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতায় সম্পূর্ণ মণ্ডপটি পুড়ে যায়।

আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। খবর পেয়ে দমকল ও পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তবে দমকলকর্মীরা পৌঁছোনোর আগেই মণ্ডপটি কার্যত ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় পুজো কমিটির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আলোর উৎসবের আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই যশোড়া গ্রামের বাসিন্দারা ভেঙে পড়েছেন। যে মণ্ডপ ঘিরে এতদিন ধরে প্রস্তুতি চলছিল, উদ্বোধনের ঠিক আগেই তা আগুনে শেষ হয়ে গেল। কালীপুজোর আনন্দের আবহে গোটা গ্রামজুড়ে এখন শুধুই হতাশা আর মনখারাপ।


Share