Arrest

মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ! কামাখ্যা থেকে ট্রেনে চেপে কেরল যাওয়ার পথে এনজেপিতে গ্রেফতার দুই বাংলাদেশি মহিলা

ধৃতদের নাম রাবিয়া আক্তার ও শিউলি আক্তার। দু’জনেই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাঁদের কাছে ভারতে প্রবেশ বা থাকার কোনও বৈধ নথিপত্র ছিল না বলে পুলিশ সূত্রে খবর।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ০৭:২৮

বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে দূরপাল্লার ট্রেনে চেপে কেরল যাওয়ার পথে গ্রেফতার দুই বাংলাদেশি মহিলা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে রেল পুলিশ। ধৃতদের নাম রাবিয়া আক্তার ও শিউলি আক্তার। দু’জনেই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাঁদের কাছে ভারতে প্রবেশ বা থাকার কোনও বৈধ নথিপত্র ছিল না বলে পুলিশ সূত্রে খবর।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি জিআরপি যৌথভাবে স্টেশনে তল্লাশি অভিযান চালায়। সেই সময় বেঙ্গালুরুমুখী একটি দূরপাল্লার ট্রেনের জেনারেল কামরা থেকে ওই দুই মহিলাকে আটক করা হয়। পরে তাঁদের শিলিগুড়ি জিআরপি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ভারতে প্রবেশের বৈধ নথিপত্র দেখাতে পারেননি তাঁরা। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মেঘালয়ের ইন্দো-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের পর ওই দুই মহিলা অসমে যান। সেখানকার কামাখ্যা স্টেশন থেকে ট্রেনে চেপে কেরলের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। কিন্তু কেন তাঁরা কেরল যাচ্ছিলেন, ভারতে প্রবেশের ক্ষেত্রে কেউ তাঁদের সাহায্য করেছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার সঙ্গে কোনও পাচারচক্র বা আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনা প্রসঙ্গে ডেপুটি এসআরপি অনুপম মজুমদার জানান, গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছে ভারতে প্রবেশ বা থাকার কোনও বৈধ নথি মেলেনি। কী উদ্দেশ্যে তাঁরা ভারতে এসেছিলেন এবং কেরলের দিকে যাচ্ছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।


Share