Earthquake

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ! ভোরে কম্পন দার্জিলিং, শিলিগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকায়, উৎসস্থল নেপাল

ভোর সাড়ে ৪টে নাগাদ কম্পন অনুভূত হয় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি-সহ একাধিক এলাকায়। শুধু উত্তরবঙ্গই নয়, কম্পন অনুভূত হয়েছে সিকিম, বিহার, নেপাল এবং ভুটানেও।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০৯:৫৬

বৃহস্পতিবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভোর সাড়ে ৪টে নাগাদ কম্পন অনুভূত হয় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি-সহ একাধিক এলাকায়। শুধু উত্তরবঙ্গই নয়, কম্পন অনুভূত হয়েছে সিকিম, বিহার, নেপাল এবং ভুটানেও। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল-সিকিম সীমান্ত সংলগ্ন এলাকা।

ভোরবেলা অধিকাংশ মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, তখনই অনুভূত হয় এই কম্পন। তবে যাঁরা জেগে ছিলেন, তাঁদের অনেকেই ভূমিকম্পের দুলুনি টের পান। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস্যস্থল সিকিমের ইয়কসম থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ফলে সিকিমের বিস্তীর্ণ অংশের পাশাপাশি পশ্চিমবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়েও কম্পন অনুভূত হয়। বাংলাদেশের কয়েকটি এলাকাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

হঠাৎ ভোরে মাটি কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। অনেকেই ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাইরে বেরিয়ে আসেন। যদিও এখনও পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও গত জুন মাসে ভুটানের ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সে বার ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের জেরে ভারত, চিন, বাংলাদেশ ও নেপালের বিভিন্ন প্রান্তেও কম্পন অনুভূত হয়েছিল। উত্তরবঙ্গের পাশাপাশি অসম ও মেঘালয়েও সেই কম্পনের প্রভাব পড়েছিল।


Share