Bridge Collapse

মাথাভাঙায় সার বোঝাই ট্রাকের ভারে ভাঙল সেতু, বিপর্যস্ত যোগাযোগ, উঠছে রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন

১৯৯৭ সালে বাম আমলে তৈরি সেতু ভেঙে নদীতে পড়ল সার বোঝাই ট্রাক। কোচবিহারের মাথাভাঙায় এই ঘটনায় চালককে উদ্ধার করা হলেও বিপর্যস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা। সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন।

ভেঙে পড়েছে সেতু
নিজস্ব সংবাদদাতা, মাথাভাঙ্গা
  • শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ০৫:১৮

বাম আমলে তৈরি সেতু! তৃণমূল জমানায় রক্ষণাবেক্ষণের অভাব? সার বোঝাই ট্রাক-সহ নদীতে ভেঙে পড়ল সেতু। কোচবিহারের মাথাভাঙায় এই ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। দুর্ঘটনায় চালককে উদ্ধার করা সম্ভব হলেও সেতুর একাংশ ভেঙে পড়েছে। ফলত বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থা। বিপজ্জনক অবস্থায় ঝুলছে সেতুর বাকি অংশ। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, সময়ের সঙ্গে সেতুর অবস্থা খারাপ হলেও নজর দেওয়া হয়নি। শেষ পর্যন্ত এদিন সকালে ট্রাকের ভার সইতে না পেরে ভেঙে পড়ল সেতুর একাংশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙা-২ নম্বর ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের খড়িকাবাড়ি এলাকায় একটি নদীর উপর এই সেতুটি অবস্থিত। নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতের সুবিধার জন্য বাম আমলে সেতুটি নির্মাণ করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে ওই সেতু পার হচ্ছিল সার বোঝাই একটি ট্রাক। মাঝপথে আচমকাই সেতুর একটি অংশ ভেঙে নদীতে পড়ে যায়। ট্রাকটিও সেতুর ভাঙা অংশের সঙ্গে নদীর জলে আটকে যায়। অন্য অংশটি ঝুলন্ত অবস্থায় থাকায় আরও বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। নদীর জলে ট্রাকটি আটকে থাকতে দেখেই উদ্ধার তৎপরতা শুরু হয়। কোনওরকমে ট্রাকের চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। নদীতে আটকে থাকা ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

তবে এই দুর্ঘটনার পরেই সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রের দাবি, ১৯৯৭ সালে বাম আমলে সেতুটি তৈরি হয়েছিল। মাথাভাঙার বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই সেতু। অভিযোগ, পরবর্তী সময়ে সেতুটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর ভার বহনের ক্ষমতা কমে গিয়েছিল বলেও দাবি স্থানীয়দের।

কেন আচমকা ভেঙে পড়ল সেতু? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল কি না, কিংবা দীর্ঘদিন ধরে মেরামতির অভাবেই এই বিপত্তি কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। সেতুর একটি অংশ ভেঙে পড়ায় আপাতত এলাকার যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার দাবি উঠছে স্থানীয় মহলে।


Share