Political Chaos

দিনদুপুরে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ! ‘চোর চোর’ স্লোগান, ডিম ছুড়ে পদত্যাগের হুমকি

অভিযোগ, দুপুরে মোটরবাইকে চেপে আট থেকে ১০ জনের একটি দল চেয়ারম্যানের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখায়। বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ০৭:২৮

কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহার বাড়িতে দুষ্কৃতীদের হামলার অভিযোগকে ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়ায়। অভিযোগ, দুপুরে মোটরবাইকে চেপে আট থেকে ১০ জনের একটি দল চেয়ারম্যানের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখায়। বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে। পুরো ঘটনাই বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে আচমকাই মোটরসাইকেলে করে একদল যুবক চেয়ারম্যানের বাড়ির সামনে জড়ো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা ‘চোর, চোর’ স্লোগান দিতে দিতে বাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়তে শুরু করে। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান দিলীপ সাহা, তাঁর স্ত্রী রুম্পা সাহা এবং তাঁদের মেয়ে। অভিযোগ, হামলাকারীরা দিলীপ সাহাকে চেয়ারম্যানের পদ থেকে অবিলম্বে ইস্তফা দেওয়ার হুমকিও দেয়।

চেয়ারম্যানের স্ত্রী রুম্পা সাহা জানান, “আমরা বাড়ির ভেতরেই ছিলাম। সিসিটিভি ফুটেজে দেখতে পাই একদল লোক এসে বাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ছে। তারা বারবার চিৎকার করে জানতে চাইছিল, আমার স্বামী কবে পদত্যাগ করবেন।” হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে দেখে।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, শাসকদলের ওই জনপ্রতিনিধিকে লক্ষ্য করে হামলার নেপথ্যে বিজেপির মদত থাকতে পারে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কোচবিহার জেলা বিজেপি। তাদের দাবি, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল।

ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। ইতিমধ্যেই আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা, নাকি পুরসভার কাজকে কেন্দ্র করে ব্যক্তিগত বিরোধ কোন কারণে এই হামলা, তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে দিনের আলোয় এক জনপ্রতিনিধির বাড়িতে হামলার ঘটনায় কোচবিহার শহরের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 


Share