Durgapur Municipal Corporation

দুয়ারে পুরভোট, কলকাতা-হাওড়ার পর দুর্গাপুরেও বাড়ল ওয়ার্ডের সংখ্যা, ৪৩ থেকে সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩

নতুন ওয়ার্ড হলে সাধারণ মানুষ আরও দ্রুত পুর পরিষেবা পাবেন বলে দাবি দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের।

দুর্গাপুর পুরসভা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৭

কলকাতা ও হাওড়ার পর এবার দুর্গাপুরেও বদলাতে চলেছে পুর এলাকার ওয়ার্ড বিন্যাস। দুর্গাপুর পুরনিগমে ৪৩ থেকে বাড়িয়ে ওয়ার্ডের সংখ্যা ৫৩ করা হচ্ছে। অর্থাৎ নতুন করে যুক্ত হচ্ছে ১০টি ওয়ার্ড। এ বিষয়ে গত ৩১ অগস্ট নির্দেশিকা জারি করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসংখ্যা, জনঘনত্ব, ভৌগোলিক অবস্থান, এলাকার ঐতিহাসিক গুরুত্ব এবং আর্থিক বিষয়-সহ বিভিন্ন দিক বিবেচনা করেই দুর্গাপুরে নতুন ওয়ার্ড বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নির্দেশিকার প্রতিলিপি রাজ্য নির্বাচন কমিশন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক, দুর্গাপুর নগর নিগমের কমিশনার-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।

রাজ্যে পালাবদলের পর কলকাতা ও হাওড়া পুর এলাকাতেও ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে বিশেষ সংশোধনী বিলও পাশ হয়েছে। সেই আবহেই দুর্গাপুরে ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে স্থানীয় মহল। পুজোর পর রাজ্যে পুরনির্বাচন করানোর প্রস্তুতি চলছে বলেও সরকারের তরফে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে, একই নির্দেশিকায় শিলিগুড়ি পুরনিগমের জন্য ৬৩টি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে।

দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই জানিয়েছিলেন, দুর্গাপুর নগর নিগমের পরিধি বাড়ানোর পাশাপাশি পুর পরিষেবার পরিকাঠামোও ঢেলে সাজানো হবে। তাঁর দাবি, প্রায় চার বছর ধরে পুরভোট না হওয়ায় সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন ওয়ার্ড তৈরি হলে এলাকার বাসিন্দাদের কাছে আরও দ্রুত পুর পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।


Share