Accident

খনিগর্ভে গ্যাস-জল-ধোঁয়ার তাণ্ডব! অণ্ডালের সিঁদুলি কোলিয়ারিতে আতঙ্ক, অচেতন অবস্থায় উদ্ধার দুই শ্রমিক

এরই মধ্যে খনির গভীরে আটকে পড়া দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় কোলিয়ারি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অণ্ডালের সিঁদুলি কোলিয়ারিতে অচেতন অবস্থায় উদ্ধার দুই শ্রমিক।
নিজস্ব সংবাদদাতা, অন্ডাল
  • শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১০:৫৫

খনিগর্ভ থেকে হু হু করে বেরিয়ে আসছে গ্যাস। বাতাসে ছড়াচ্ছে ঝাঁঝালো গন্ধ। কোথাও ধোঁয়া, আবার কোথাও খনির ভিতরে ঢুকে পড়ছে জল। একসঙ্গে গ্যাসের আতঙ্ক এবং খনিগর্ভে জল ঢুকে পড়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে অণ্ডালের সিঁদুলি কোলিয়ারি এলাকায়। নিরাপত্তার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন। এরই মধ্যে খনির গভীরে আটকে পড়া দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় কোলিয়ারি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সিঁদুলি কোলিয়ারির ৩ নম্বর পিটের কাছে প্রথমে ধোঁয়া ও গ্যাস বের হতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন কোলিয়ারির এজেন্ট ও ম্যানেজার। পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়, খনির ভিতর থেকে ধোঁয়া, জল এবং গ্যাস বের হচ্ছে। সেই সময় খনির গভীরে ছিলেন দুই শ্রমিক। কোনওরকমে তাঁদের উদ্ধার করে উপরে নিয়ে আসা হয়। উপরে ওঠার পর দু’জনেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দার দাবি, সকালে চা খেতে যাওয়ার সময় ৩ নম্বর পিটের কাছে প্রচুর মানুষকে জড়ো হতে দেখেন তিনি। সেখানে গিয়ে ধোঁয়া ও বাতাস বের হতে দেখেন। তাঁর কথায়, কোলিয়ারির পাখা বন্ধ করার পর ধোঁয়া, জল ও গ্যাস বের হওয়ার মাত্রা আরও স্পষ্ট হয়ে ওঠে। এমনকি উপর থেকেই খনির ভিতরে জলের শব্দ শোনা যাচ্ছিল বলে দাবি তাঁর। সেই সময়ই জানা যায়, দুই শ্রমিক খনির নীচে আটকে রয়েছেন। পরে তাঁদের উদ্ধার করা হয়।

কোলিয়ারির এজেন্ট পঙ্কজ কুমার বর্মা বলেন, ‘‘একটি ঘটনা ঘটেছে। দু’জন আটকে পড়েছিলেন। তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকার উপর নজর রাখা হচ্ছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।’’


Share