TMC Leader Arrest

তোলাবাজি থেকে খুনের হুমকি! রাজ্যের চার জেলায় গ্রেফতার একাধিক তৃণমূল নেতা, চাপে শাসকদল

অভিযোগ, তোলা না দেওয়ায় স্থানীয়দের মারধর করা হত। অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১২:১০

রাজ্যের একাধিক জেলায় অশান্তি, তোলাবাজি ও হুমকির অভিযোগে ফের গ্রেফতার একাধিক তৃণমূল নেতা। বুদবুদ, পাণ্ডুয়া, নারায়ণগড় ও খড়গপুরে পৃথক ঘটনায় পুলিশি অভিযানে ধরা পড়েছেন চার জন তৃণমূল নেতা-সহ একাধিক অভিযুক্ত।

বুদবুদে তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বুদবুদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুকে। অভিযোগ, তোলা না দেওয়ায় স্থানীয়দের মারধর করা হত। অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, পাণ্ডুয়ার ভায়রা গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা কৃপাসিন্ধু ঘোষের বিরুদ্ধে উঠেছে তোলাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ। অভিযোগ, পাকা বাড়ি তৈরির জন্য এক মহিলার কাছে দু'লক্ষ টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পর কৃপাসিন্ধু ঘোষ-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগড়েও অশান্তি ও মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছেন পাকুড়সেনি অঞ্চল সভাপতি রঞ্জিত বসু। তৃণমূল নেতার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ডেবরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

এদিকে, জলপাইগুড়িতে বিজেপির মিছিলে হামলার অভিযোগেও গ্রেফতার করা হয়েছে তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ-সহ মোট আট জনকে। একাধিক ঘটনায় শাসকদলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।


Share