Minor Rape

শান্তিপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, শনিবার ধৃতকে আদালতে হাজির করানো হবে। পুলিশ তার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২৯ আগস্ট ২০২৬ ০৩:৫৫

নদিয়ার শান্তিপুরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই পিসতুতো দাদার বিরুদ্ধে। মেয়েটির বয়স ১২ বছর। অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বর্তমানে নাবালিকাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে নবালিকাটি পিসতুতো দাদার ঘরে গিয়েছিল। অভিযোগ, সেই সময়েই তাকে ধর্ষণ করা হয়। এরপর বাড়ি ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।

পরিবারের দাবি, প্রথমবার হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চিকিৎসকদের জানানো হয়েছিল, পাঁচিল থেকে পড়ে গিয়ে মেয়েটি আহত হয়েছে। সেই অনুযায়ী প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সন্ধ্যার পর সে ফের অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ। পরিস্থিতি দেখে পরিবারের সদস্যরা তাকে আবার হাসপাতালে নিয়ে যান।

দ্বিতীয়বার হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকদের সন্দেহ হয়। নাবালিকার সঙ্গে কথা বলার পর গোটা ঘটনা তাঁদের সামনে আসে। এরপর পরিবারের তরফে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পর দ্রুত পুলিশ তদন্তে নামে। অভিযোগ দায়েরের ঘণ্টাখানেকের মধ্যেই অভিযুক্ত পিসতুতো দাদাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার ধৃতকে আদালতে হাজির করানো হবে। পুলিশ তার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নাবালিকার পরিবারের অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। এই ধরনের ঘটনায় শান্তিপুর থানার পুলিশ ‘জ়িরো টলারেন্স’ নীতি মেনে চলে বলেও তিনি জানান। অন্যদিকে, নির্যাতিতার পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


Share