Death

৩ জুলাই গাড়িতে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন! এক মাসের লড়াই শেষে মৃত্যু সমাজমাধ্যম প্রভাবীর

চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআইএমইআর)-এ তাঁর চিকিৎসা চলছিল। পুলিশ জানিয়েছে, গত ২৬ অগস্ট তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, চণ্ডীগড়
  • শেষ আপডেট: ২৯ আগস্ট ২০২৬ ০৪:২৩

এক মাসেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালানোর পর অবশেষে মৃত্যু হল চণ্ডীগড়ের সমাজমাধ্যম প্রভাবী মনজিৎ কউরের (২৮)। চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআইএমইআর)-এ তাঁর চিকিৎসা চলছিল। পুলিশ জানিয়েছে, গত ২৬ অগস্ট তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে।

ঘটনার অভিযোগ অনুযায়ী, গত ৩ জুলাই মনজিৎকে দেখা করতে বলেন তাঁরই পরিচিত দুই ব্যক্তি। তাঁদের সঙ্গে দেখা করতে গেলে জোর করে তাঁকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, এর পর মোরিন্ডা নামে একটি এলাকায় তাঁকে ধর্ষণ করা হয়। শুধু তা-ই নয়, মনজিৎকে একটি গাছের সঙ্গে বেঁধে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৯ জুলাই তাঁকে চণ্ডীগড়ের পিজিআইএমইআরে স্থানান্তর করা হয়। গত এক মাসেরও বেশি সময় ধরে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল।

সূত্রের খবর, দীর্ঘদিন অচৈতন্য অবস্থায় থাকার পর গত ৫ অগস্ট মনজিতের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের কাছে তিনি ঘটনার বিস্তারিত জানান। পরিবারের অভিযোগ, পুলিশকে নিজের বয়ান দিতে চাইলেও সময়মতো তা রেকর্ড করা হয়নি। পরে পরিবারের তরফে দুই পরিচিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। চণ্ডীগড়ের সেক্টর ৩৪ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শাদি লাল জানিয়েছেন, মনজিত বিবাহবিচ্ছিন্না। তাঁর সাত বছরের একটি সন্তান রয়েছে। পুলিশের প্রাথমিক সন্দেহ, অভিযুক্তদের মধ্যে এক জনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন মনজিত।


Share