Kunal Ghosh

চোরবাগানকাণ্ডের প্রতিবাদে সরব হতেই বিপাকে কুণাল! গিরিশ পার্ক থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা পুলিশের

গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে খবর। ১৯ জনের মৃত্যুর মতো দুর্ঘটনার তদন্ত এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন কুণাল।

কুণাল ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ০৮:১৭

চোরবাগানকাণ্ডে এ বার তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে খবর। ১৯ জনের মৃত্যুর মতো দুর্ঘটনার তদন্ত এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন কুণাল। আর তার পরেই তাঁর বিরুদ্ধে পুলিশের এই পদক্ষেপ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে।

উল্লেখ্য, চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর পর ঘটনার দায়ীদের চিহ্নিত করা এবং নেপথ্যে থাকা প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে গিরিশ পার্ক থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেস। কুণাল ঘোষের দাবি, সেই বিক্ষোভে অংশ নেওয়ার জেরেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, তাঁকে আইনি নোটিসও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক।

পুলিশের এই পদক্ষেপে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কুণাল। তাঁর অভিযোগ, এত বড় দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানির পরেও মূল অভিযুক্ত এবং ঘটনার নেপথ্যে থাকা প্রভাবশালীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ ঘটনার প্রতিবাদে সরব হওয়ায় প্রতিবাদীদেরই আইনি পদক্ষেপের মুখে পড়তে হচ্ছে। কুণালের বক্তব্য, অপরাধীদের আড়াল করে প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা দায়ের আসলে ভয় দেখিয়ে তাঁদের কণ্ঠরোধের চেষ্টা।

প্রসঙ্গত, চলতি বছরের দুর্গাপুজোর সূচনালগ্নে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পুজোমণ্ডপে অতিরিক্ত ভিড়ের জেরে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। প্রাণ হারান ১৯ জন। ঘটনার পর থেকেই পুজো কমিটির ভূমিকা, মণ্ডপের নিরাপত্তা এবং প্রশাসনিক নজরদারি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে পুলিশ ও বিশেষ তদন্তকারী দল। এর মধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় চোরবাগানকাণ্ড ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল।


Share