Elephant Calf Rescued

মায়ের আর্তনাদে জেগে উঠল গ্রাম, চার ঘণ্টার চেষ্টায় প্রাণ ফিরে পেল হস্তিশাবক

মাঠের মাঝে একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে যায় এক হস্তিশাবক। খবর পেয়ে বনদপ্তর ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আর্থমুভারের সাহায্যে প্রায় চার ঘণ্টার চেষ্টায় বুধবার ভোর পাঁচটা নাগাদ শাবকটিকে উদ্ধার করে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শালবনি
  • শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪২

গভীর রাতের নিস্তব্ধতা হঠাৎ চিরে দিল এক কানফাটানো আর্তনাদ। প্রথমে অনেকে ভেবেছিলেন, হয়তো হাতির দল গ্রামে ঢুকেছে। কিন্তু আওয়াজে ছিল অন্যরকম আতঙ্ক—এক মায়ের অসহায় ডাকে সন্তানের জন্য আকুল আর্তি।

চিৎকারে ঘুম ভেঙে আতঙ্কিত গ্রামবাসীরা বাইরে বেরিয়ে দেখেন, মাঠের মাঝখানে একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে এক হস্তিশাবক পড়ে গিয়েছে। উপরে দাঁড়িয়ে শুঁড় বাড়িয়ে  মা হাতি সন্তানের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বুধবার ভোররাতে শালবনী ব্লকের পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের অন্তর্গত মুসনা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতির দল মঙ্গলবার রাত প্রায় ১টা নাগাদ মাঠে ফসল খেতে নেমেছিল। সেই সময় শাবকটি অসাবধানতাবশত কুয়োর মধ্যে পড়ে যায়। সন্তান বিপদে পড়তেই চিৎকার করে ওঠে মা হাতি। নিজেই উদ্ধারের চেষ্টা চালাতে থাকে।

হাতির ডাকে গ্রামবাসীরা ছুটে এসে বন দফতরে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন পিড়াকাটা ও লালগড় রেঞ্জের আধিকারিকরা এবং পুলিশ। আর্থমুভার এনে শুরু হয় উদ্ধারকাজ। প্রায় চার ঘণ্টার টানা প্রচেষ্টার পর বুধবার ভোর পাঁচটা নাগাদ কুয়ো থেকে নিরাপদে তোলা হয় হস্তিশাবকটিকে। পিড়াকাটা রেঞ্জের ভারপ্রাপ্ত অফিসার শুভাশিস চৌধুরী জানান, উদ্ধার হওয়ার পর শাবকটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। দু’জনেই সুস্থ রয়েছে এবং জঙ্গলের দিকে ফিরে গেছে। বনদপ্তরের পক্ষ থেকে গোটা ঘটনার উপর নজর রাখা হচ্ছে।


Share