Rajya Sabha Election

রাজ‍্যসভার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, তালিকায় রয়েছে রাজ্যের পাঁচটি আসন, পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ‍্যে হবে নির্বাচন

নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া মহারাষ্ট্রের সাতটি, তামিলনাড়ুর ছ’টি, অসমের তিনটি, বিহারের পাঁচটি, ছত্তীসগঢ়ের দু’টি, হরিয়ানার দু’টি, তেলেঙ্গানার দু’টি এবং হিমাচল প্রদেশের একটি আসনে আগামী ১৬ মার্চ নির্বাচন হবে।

রাজ‍্যসভার নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৮

মার্চ মাসে হবে রাজ‍্যসভার নির্বাচন। নির্ঘণ্ট প্রকাশ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। মোট দশটি রাজ্যের রাজ‍্যসভার আসনে নির্বাচন হবে। আগামী ১৬ মার্চ নির্বাচন হবে। পশ্চিমবঙ্গের পাঁচটি আসন তালিকায় রয়েছে। মোট ১০টি রাজ‍্যে ওই দিন ৩৭টি আসনে নির্বাচন হবে।

রাজ‍্যসভার নির্বাচন নিয়ে বুধবার সকালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ মার্চ। ৬ মার্চ মনোনয়নপত্র স্ক্রুটিনি করবে নির্বাচন কমিশন। ৯ মার্চের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে। ১৬ মার্চ সকাল ৯টা থেকে সাড়ে ৪টে পর্যন্ত রাজ্যসভার ভোটগ্রহণ চলবে। ওই দিনই ফলাফল প্রকাশ করা হবে।

রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন মৌসম বেনজির নূর। তৃণমূল ছেড়ে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। ফলে সেই আসনটি শূন্য রয়েছে। মৌসম ছাড়া তৃণমূলের তিন রাজ‍্যসভার সাংসদ সকেত গোখলে, সুব্রত বক্সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যেরও একই দিনে মেয়াদ শেষ হচ্ছে। এই পাঁচ আসনেই ১৬ মার্চ নির্বাচন হবে।

বিধানসভায় বর্তমানের আসন সংখ্যার নিরিখে পাঁচটি আসনের মধ্যে চারটি আসনেই তৃণমূলের প্রার্থীরা জয়ী হওয়ার কথা। একটি আসনে জয়ী হওয়ার কথা বিজেপির। যদি একটি আসনে পাঁচের বেশি প্রার্থী দেওয়া হয় তাহলে ভোটাভুটির প্রয়োজন হবে।

এ দিন নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া মহারাষ্ট্রের সাতটি, তামিলনাড়ুর ছ’টি, অসমের তিনটি, বিহারের পাঁচটি, ছত্তীসগঢ়ের দু’টি, হরিয়ানার দু’টি, তেলেঙ্গানার দু’টি এবং হিমাচল প্রদেশের একটি আসনে আগামী ১৬ মার্চ নির্বাচন হবে।


Share