Special Intensive Rivision

নতুন করে কমিশনের পোর্টাল খোলার কোনও সম্ভাবনা নেই, তৃণমূলের দাবি খারিজ করে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন

এই ইসিআই পোর্টাল খোলা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের অফিসে ডেপুটেশন দিতে আসেন তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু নির্বাচন কমিশন থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল, নতুন করে কমিশনের পোর্টাল খোলার কোনও সম্ভাবনা নেই।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১২

সারা রাজ্য জুড়ে চলা ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানি কাজ শেষ। ১৪ তারিখ মধ্য রাতেই বন্ধ করে দেওয়া হয়েছে ইসিআই পোর্টাল। এর ফলে কয়েক লক্ষাধিক ভোটারের নথি আপলোড করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কমিশন সূত্রের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে প্রায় এক লক্ষের বেশি আবেদনকারীর নথি ইসিআই-এর সিস্টেমে তোলা যায়নি।

এই ইসিআই পোর্টাল খোলা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের অফিসে ডেপুটেশন দিতে আসেন তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু নির্বাচন কমিশন থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল, নতুন করে কমিশনের পোর্টাল খোলার আর কোনও সম্ভাবনা নেই। তৃণমূলের তরফে পোর্টাল পুনরায় চালু করার দাবি তোলা হলেও, কমিশন সেই দাবি খারিজ করে দিয়েছে।

নিয়ম অনুযায়ী শুনানি শেষ হওয়ার পরই প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করার কথা। কিন্তু সোমবার রাত থেকে ভারতের নির্বাচন কমিশনের সার্ভার ও সিস্টেমে বারবার ত্রুটি দেখা দিচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার সকালেও সিস্টেম ডাউন থাকায় ‘ফাইনাল ডিসপোজাল’ বা চূড়ান্ত নিস্পতির কাজ কার্যত থেমে যায়।

নির্বাচন কমিশন সূত্রের খবর, এই আপলোড না হওয়া নথি নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। তাঁদের বলা হয়েছে, কোন জেলায় কত নথি আপলোড বাকি রয়েছে। সেই নথিগুলির মধ্যে কতগুলি যোগ্য নথি রয়েছে, তার বিস্তারিত তথ্য পাঠাতে হবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার নথিপত্র আপলোডের ক্ষেত্রে বড় প্রশাসনিক ত্রুটি সামনে এসেছে।

নির্বাচন বিশেষজ্ঞদের একাংশের ধারণা, বিপুল পরিমাণ নথি এখনও আপলোড বাকি থাকায় নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনিক পর্যায়ে তৎপরতা বাড়ানোর দাবি উঠেছে।

নির্বাচন কমিশনের বক্তব্য, সমস্ত জেলার ইআরও ও এইআরও-রা জানতেন, নথি আপলোড ১৪ ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাবে। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও কাজ হয়নি। এর ফলে, ইআরও ও এইআরও-দের শোকজ করা হবে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।


Share