Forest Officer Assualt

মালদহের চাঁচলে গাছ চুরি রুখতেই গিয়ে আক্রান্ত বন দফতরের কর্তা! বেধড়ক মারধরের অভিযোগ, এখনও অধরা অভিযুক্তেরা

অভিযোগ অনুযায়ী, মালদহ জেলার চাঁচল এলাকায় পিডব্লিউডি-র গাছ চুরির ঘটনায় ব্যবস্থা নিয়েছিল পশ্চিমবঙ্গ বন দফতর। এতে ক্ষুব্ধ হয়ে এক মিল মালিক মনিরুল ও তার ছেলে বন দফতরের কার্যালয়ে চড়াও হন বলে অভিযোগ।

জখম রেঞ্জ অফিসার
নিজস্ব সংবাদদাতা, চাঁচল
  • শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৩

গাছ চুরি বন্ধ করতে গিয়ে আক্রান্ত বন দফতরের কর্তা। মারের চোটে ফাটল মাথা। মালদহের চাঁচলে ঘটনাটি ঘটেছে। তিনি বন দফতরের রেঞ্জ অফিসারের পদে কর্মরত রয়েছেন। তিনি গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

সুত্রের খবর, মালদহ জেলার চাঁচল এলাকায় পিডব্লিউডি-র গাছ চুরির বন্ধ করতে অভিযান শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন বন দফতরের রেঞ্জ অফিসার দুলাল সরকার। কেন অভিযান চালানো হয়ে তা নিয়ে এক দল দুষ্কৃতী বন দফতরের কার্যালয়ে আসেন। সেখানে তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয়েছে ওই রেঞ্জ অফিসারকে। মারের চোটে মাথা ফেটে গিয়েছে। তার পরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে খবর।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, যাঁরা ধমক দিতে এসেছিল তাদের মধ্যে এক জনের নাম মনিরুল। অপর জন তার ছেলে। মনিরুল স্থানীয় একটি মিলের মালিক।
কী কারণে দুলালবাবুর ওপরে হামলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে গাছ চুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়াতেই এই হামলার কারণ বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।


Share