Sexual Harrasment Case

ডায়মন্ড হারবারে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেফতার, ক্যাম্পাসে বিক্ষোভ

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার-এ এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাব ও যৌন হেনস্থার অভিযোগ। ডায়মন্ড হারবার থানা অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযোগ ঘিরে ক্যাম্পাসে টানা বিক্ষোভের পর পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার
  • শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৫

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার-এ এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাব, অশালীন মেসেজ পাঠানো ও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযুক্ত রবিকান্ত বল্লভকে ডায়মন্ড হারবার থানা গ্রেফতার করেছে। বুধবার তাঁকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের শিক্ষক। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই একাধিক ছাত্রীকে কুরুচিকর মেসেজ পাঠাতেন। বিভিন্ন সময়ে অশালীন মন্তব্য করতেন বলেও অভিযোগ। বিক্ষোভকারী ছাত্রীরা জানিয়েছেন, প্র্যাকটিক্যাল ক্লাস কিংবা পরীক্ষার আগে সহযোগিতার নাম করে তাঁদের সঙ্গে অনভিপ্রেত আচরণ করা হত। বিষয়টি নিয়ে গত শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাঁরা লিখিত অভিযোগও দায়ের করেন।

তবে অভিযোগের পরেও তৎক্ষণাৎ দৃশ্যমান কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই পড়ুয়াদের ক্ষোভ বাড়তে থাকে। সোমবার বিকেলে প্রথম দফায় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত শিক্ষকের কোয়ার্টারের সামনে ছাত্রছাত্রীরা জড়ো হন। সকাল প্রায় নয়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে তাঁরা বিক্ষোভে সামিল হন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে টানা অবস্থান-বিক্ষোভ চলে।

পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। প্রথমে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেওয়া হলে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। শেষ পর্যন্ত পুলিশ শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। এরপর ছাত্রীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিশ্ববিদ্যালয়ের সরিষা ক্যাম্পাসের সহ-সভাপতি সুভাষ মুখোপাধ্যায় জানান, অভিযোগ পাওয়ার পরই অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি) বৈঠকে বসে। অভিযুক্তকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। তবে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়ে যায়। এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলা-র পুলিশ সুপার বিশপ সরকার বলেন, ছাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ও শিক্ষাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পড়ুয়ারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন। তদন্তের অগ্রগতির দিকেই এখন সকলের নজর।


Share