Tiger Attack

সুন্দরবনের চামটা জঙ্গলে বাঘের হামলা, প্রাণ হারালেন মৎস্যজীবী রামপদ বর্মণ

সঙ্গীদের সামনে জঙ্গল থেকে বেরিয়ে এসে বাঘ তাঁকে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। পরে বন দফতর ও পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কালিদাসপুর
  • শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

ফের বাঘের হামলায় প্রাণ হারালেন এক মৎস্যজীবী। দক্ষিণ ২৪ পরগনা জেলার চামটা জঙ্গল সংলগ্ন নদীখাঁড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রামপদ বর্মণ (৪৫)। তিনি সুন্দরবন উপকূল থানার ছোট মোল্লাখালির নয় নম্বর কালিদাসপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে রামপদ বর্মণ দুই সঙ্গী—রামপদ মণ্ডল ও শশী মিস্ত্রীকে নিয়ে কাঁকড়া ধরতে জঙ্গলে যান। চামটা জঙ্গলের ধার ঘেঁষা নদীখাঁড়িতে মাছ ও কাঁকড়া ধরার কাজ চলছিল। সেই সময় আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং রামপদের উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীদের বয়ান অনুযায়ী, মুহূর্তের মধ্যে বাঘটি রামপদকে টেনে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন বাকি দুই মৎস্যজীবী। কিছুক্ষণ পরে সাহস সঞ্চয় করে তাঁরা বাঘের পায়ের ছাপ অনুসরণ করে জঙ্গলের ভিতরে খোঁজাখুঁজি শুরু করেন। কিছু দূর এগোতেই রামপদের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে বন দফতর ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মঙ্গলবার রাতে দেহটি গ্রামে নিয়ে আসা হয়। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বন দফতরের তরফে ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।


Share