Special Intensive Revision

কল্যাণী এসডিও অফিসের সামনে তৃণমূলের বিক্ষোভ, গাড়িতেই আটকে রইলেন বিজেপি বিজেপি বিধায়ক অম্বিকা রায়

দফতরের প্রধান গেটের বাইরে তৃণমূল কর্মীরা তাঁর গাড়ি ঘিরে ধরে। এরপর তীব্র স্লোগান ও বিক্ষোভ শুরু হয়। টানা তিন ঘণ্টা ঘেরাও থাকার পর শেষ পর্যন্ত ফর্ম জমা না দিয়েই ফিরে যেতে বাধ্য হন বিজেপি বিধায়কে।

বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক অম্বিকা রায়।
নিজস্ব সংবাদদাতা, কল্যানী
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৮:৩৭

'ফর্ম ৭' জমা দেওয়া নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত। এ দিন কল্যাণী মহকুমাশাসক দফতরের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 'ফর্ম ৭' জমা দেওয়ার শেষ দিনে কল্যাণী এসডিও অফিসে এসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। 

দফতরের প্রধান গেটের বাইরে তৃণমূল কর্মীরা তাঁর গাড়ি ঘিরে ধরে। তাঁকে দেখে স্লোগান ও বিক্ষোভ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ঘেরাও থাকার পর শেষ পর্যন্ত ফর্ম জমা না দিয়েই ফিরে যেতে বাধ্য হন বিজেপি বিধায়ক অম্বিকা।

ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অম্বিকা রায়। তাঁর দাবি, কল্যাণী মহকুমাশাসকের দফতর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনের কাজকে ইচ্ছাকৃত ভাবে বাধা দেওয়া হচ্ছে। গোটা চত্বরে তৃণমূলের গুন্ডাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন বিধায়ক অম্বিকা রায়।

বিধায়কের আরও অভিযোগ, প্রায় ৩০০ জন ভুয়া ভোটার চিহ্নিত করে 'ফর্ম ৭' জমা দিতে এসেছিলেন তাঁরা। কিন্তু তৃণমূল বাধা দেয়। এর আগেও একই ভাবে তাঁদের আটকে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। গোটা বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার কথাও জানান তিনি।

অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর অরূপ মুখোপাধ‍্যায়ের পাল্টা দাবি, বিজেপি অবৈধ ভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছিল। তিনি বলেন, "একটাও বৈধ ভোটারের নাম কাটা যাবে না। ওরা চুরি করতে এসেছিল, তাই আমরা পাহারা দিয়েছি।” এই ঘটনাকে কেন্দ্র করে কল্যাণীতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল।


Share