Suicide Death

নদিয়ায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা, এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন, দাবি তৃণমূলের

সুইসাইড নোটে লেখা রয়েছে, "আমার ভুলে সবাই সাজা পাবে। এটা আমি কিছুতেই মানতে পারছি না, তাই এই সিদ্ধান্ত নিলাম। তোমরা সবাই আমায় ক্ষমা করো।"

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১০:৪৩

সোমবার সকালে নদিয়ার করিমপুরে এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দাবি, তিনি একটি সুইসাইড নোট লিখেছিলেন। তৃণমূলের অভিযোগ, তিনি এসআইআরের আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। সেই কথা সুইসাইড নোটে লিখে গিয়েছেন। সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

মৃতের নাম ফিরোজ খান। বয়স ৫৩ বছর। পরিবার সূত্রের খবর, ১৬ জানুয়ারি ফিরোজ খানের বাড়িতে হেয়ারিং-এর নোটিস আসে। অভিযোগ, নোটিস আসার পরেই তিনি ভেঙে পড়েন। প্রতিবেশীদের কাছে তা নিয়ে দুশ্চিন্তা করতেন। এসআইআরে নাম না এলে বাংলাদেশে তাড়িয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন বলে দাবি করা হয়েছে।

সোমবার, বাড়িতেই নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি। সুইসাইড নোটে লেখা রয়েছে, “আমার ভুলে সবাই সাজা পাবে। এটা আমি কিছুতেই মানতে পারছি না। তাই এই সিদ্ধান্ত নিলাম। তোমরা সবাই আমায় ক্ষমা করো।”

পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ফিরোজ ‘আমার ভুল’ বলতে কী বোঝাতে চেয়েছেন? সেই ভুলটি কি আদৌ এসআইআর? এই আতঙ্কেই মৃত্যু হয়েছে নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ। আপাতত একটি রহস্যমৃত‍্যুর মামলা রুজু করা হয়েছে।


Share