Jahangir Khan

আদালতের অনুমতি মিলতেই ফলতায় জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু, গেটের তালা ভেঙে ভিতরে ঢুকলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা

দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের নির্দেশে বুধবার সকাল থেকে ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে। এ দিন সকালে জেলা প্রশাসনের আধিকারিকেরা বাড়িতে পৌঁছোন।

ফলতায় জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন।
নিজস্ব সংবাদদাতা, ফলতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ০৬:৪৭

ফলতার প্রাক্তন প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ির বেআইনি অংশ ভাঙার কাজ শুরু করল জেলা প্রশাসন। আদালতের অনুমতি পাওয়ার পরেই প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ করে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের নির্দেশে বুধবার সকাল থেকে ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে। এ দিন সকালে জেলা প্রশাসনের আধিকারিকেরা বাড়িতে পৌঁছোন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিডিও সন্দীপ সিংহ রায় এবং পুলিশ আধিকারিকেরা।

জাহাঙ্গিরের বাড়ির নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিয়মের অভিযোগ উঠছিল। এই বিষয়ে জেলা প্রশাসনের কাছে তদন্তের দাবিও জানানো হয়েছিল। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, দোতলার বেশি উঁচু বাড়ি তৈরির ক্ষেত্রে জেলা পরিষদের অনুমোদিত নকশা প্রয়োজন। ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গিরের বাড়ি সেই নিয়ম মেনে তৈরি হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন তদন্ত শুরু করে। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের অনুমতি পাওয়ার পরেই বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশাসন সূত্রে খবর, এ বিষয়ে জাহাঙ্গিরকে একাধিক বার নোটিস পাঠানো হয়েছিল। শুনানির জন্যও তাঁকে তলব করা হয়। কিন্তু তিনি হাজির হননি। বেআইনি নির্মাণ সাত দিনের মধ্যে নিজে থেকে ভেঙে ফেলার নির্দেশ দিয়ে নোটিসও পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই নির্দেশ কার্যকর না হওয়ায় শেষ পর্যন্ত প্রশাসনই ভাঙার কাজে নামে। বুধবার সকালে আধিকারিকেরা বাড়িতে পৌঁছে দেখেন, মূল গেটে তালা ঝোলানো রয়েছে। পরে সেই তালা তাঁরা ভেঙে ভিতরে প্রবেশ করেন। বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র-সহ অন্যান্য সামগ্রী বাইরে বার করে আনার কাজ শুরু হয়। বাড়ি সম্পূর্ণ খালি করার পরেই ভাঙার কাজ শুরু হওয়ার কথা।

এ দিকে, ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা অভিযোগ করেছেন, এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ তৈরি হয়েছে। এমনকি জলাভূমি ভরাট করেও অবৈধ নির্মাণ গড়ে তোলা হয়েছে বলে তাঁর দাবি। শুধু জাহাঙ্গিরের বাড়ি নয়, এলাকার সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধেই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে জাহাঙ্গির খানকে প্রার্থী করেছিল তৃণমূল। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ভোটের দিন একাধিক বেনিয়মের অভিযোগ ওঠার পর ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে ভোটের দু’দিন আগে নিজেকে ‘পুষ্পা’ বলে পরিচয় দেওয়া জাহাঙ্গির নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান। পরবর্তী সময়ে তোলাবাজি ও ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁর স্ত্রীকেও গ্রেফতার করা হয়। বর্তমানে দু’জনেই জেলবন্দি।


Share