Murder Case

খুনের একমাত্র চাক্ষুষ সাক্ষী মেয়ে! বাবার জামিনের পরই সোনারপুরে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

২০২৩ সালে স্ত্রী খুনের ঘটনায় অভিযুক্ত তার বাবা সমীর শিকারি। তিনি সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন। তার পরই নাবালিকার মৃত্যুতে বাবার বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছে মামার বাড়ি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, সোনারপুর
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ০৩:০৮

সাক্ষীর সম্বল মেয়ে। কিন্তু বাবার জামিনের পর তার মৃত্যু! নাবালিকা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে ঘনীভূত রহস্য। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে এক নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত নাবালিকার নাম সায়নী শিকারি। স্ত্রীকে খুনের অভিযোগে প্রায় তিন বছর জেল খাটার পর সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন সায়নীর বাবা সমীর শিকারি। আর তার ঠিক পরপরই মেয়ের এই রহস্যজনক মৃত্যুতে বাবার ভূমিকা নিয়ে সরাসরি সন্দেহ প্রকাশ করেছে সায়নীর মামার বাড়ির পরিবার।

মায়ের খুনের মামলার অন্যতম প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল ওই কিশোরী। সেই কারণেই কি বাবার তরফে কোনো মানসিক চাপ বা হুমকির মুখে পড়তে হয়েছিল সায়নীকে? মেয়ের মৃত্যুর নেপথ্যে বাবার কোনো যোগ রয়েছে কি না, তা নিয়েই এখন জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তে নেমে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে নিজের স্ত্রীকে খুন করেন সমীর শিকারি। নৃশংস ঘটনাটি খোদ মেয়ে সায়নীর চোখের সামনেই ঘটেছিল। ঘটনার পর সমীর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিলেন। তারপর থেকে এতদিন জেলেই বন্দি ছিলেন। মায়ের মৃত্যুর পর থেকে সায়নী সোনারপুরে মামার বাড়িতেই থাকত।

মামার বাড়ির সদস্যদের দাবি, সম্প্রতি সমীর জামিনে জেল থেকে বেরোনোর পর থেকেই তাঁরা আশঙ্কায় ছিলেন যাতে কোনোভাবেই তিনি সায়নীর সঙ্গে যোগাযোগ করতে না পারেন। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল। এমনকি পুলিশের পরামর্শ মেনেই সায়নীর পুরোনো ফোন নম্বর বদলে নতুন নম্বর নেওয়া হয়। কিন্তু পরিবারের অভিযোগ, কোনোভাবে সেই নতুন নম্বর জোগাড় করে মেয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন সমীর। সায়নীর দাদুর কথায়, বাবার সঙ্গে মেয়ের ঠিক কী কথা হতো তা তাঁদের জানা ছিল না। তবে এমন কিছু নিশ্চয়ই বলা হয়েছিল যা কিশোরী সায়নীর ওপর প্রবল মানসিক চাপ তৈরি করেছিল।

শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগেই অঘটন ঘটে যায়। সন্ধ্যার দিকে সায়নীর দাদু বাড়ি ফিরে ঘরের ভেতর নাতনিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এটি নিছকই আত্মহত্যা, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। তদন্তের স্বার্থে সায়নীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। মৃত্যুর ঠিক আগে কার কার সঙ্গে তার কথা বা চ্যাট হয়েছিল, তা জানতে কল রেকর্ড ও মেসেজ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, মামার বাড়ির তোলা অভিযোগের ভিত্তিতে সমীর শিকারির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং তাঁকে জিজ্ঞাসাবাদও করা হবে বলে জানা গিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।


Share