Body Recovery

মাঠে কাজ করতে গিয়ে যুবকের রহস্যমৃত্যু! খুনের অভিযোগে শান্তিপুরে দেহ আটকে বিক্ষোভ, সন্দেহের তির স্থানীয় ব্যবসায়ীর দিকে

নদিয়ায় বাগদেবী মন্দির সংলগ্ন একটি পুকুরের পাড় থেকে উদ্ধার হল কালু শেখের দেহ। পরিবার খুনের অভিযোগে তুলেছে ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

পুকুরের পাড় থেকে উদ্ধার দেহ।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১০:০৩

জমিতে কাজ করতে গিয়ে এক যুবকের রহস্যমৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার শান্তিপুর। বাগদেবী মন্দির সংলগ্ন একটি পুকুরের পাড় থেকে উদ্ধার হল কালু শেখ (৪০) নামে এক যুবকের নিথর দেহ। পরিবারের দাবি, জলে ডুবে মৃত্যু নয়, পরিকল্পনা করে তাঁকে খুন করা হয়েছে। এই অভিযোগে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রাস্তা অবরোধ করেন। বিক্ষোভ দেখান। তাঁদের সন্দেহের তির স্থানীয় ব্যবসায়ী বিশু হালদার ওরফে দিশুর দিকে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাগদেবী মন্দির সংলগ্ন এলাকায় বিশু হালদারের একটি জমিতে কালু কাজ করতে গিয়েছিলেন। বেলা বাড়ার পর তার দাদাও সেখানে পৌঁছোয়। ভাইয়ের খোঁজ জানতে চাইলে বিশু হালদার তাঁকে জানান, কালু পুকুরে ডুবে গিয়েছেন। খবর পেয়ে দাদা পরিবারের সদস্যদের জানাতে যান। পরে পুকুরপাড়ে ফিরে এসে তিনি ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তবে ততক্ষণে ঘটনাস্থলে বিশু হালদারের কোনও খোঁজ মেলেনি।

এই ঘটনাকে কেন্দ্র করেই পরিবারের সন্দেহ আরও জোরালো হয়। তাঁদের অভিযোগ, কালুকে খুন করে দেহ পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্তের দাবিতে তাঁরা মৃতদেহ আটকে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।পুলিশকর্মীদের ঘিরেও বিক্ষোভ দেখান হয়।

পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, পুলিশ তার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।


Share