Cristiano Ronaldo Retirement

২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি! পর্তুগালের ৭ নম্বর জার্সি নতুন প্রজন্মের হাতে তুলে দিয়ে অবসরের ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ১৪৬ গোলের রেকর্ড গড়ে পর্তুগালের জার্সিকে বিদায় জানালেন কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ০৫:০৯

ফুটবল বিশ্বের এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার, ৫ নভেম্বর ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিয়ো বার্তার মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানালেন CR7। ২০০৩ সালের অগস্টে যে যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ ২৩ বছর পর সেই যাত্রাতেই ইতি টানলেন তিনি। দেশের জার্সিতে নিজের ঐতিহাসিক ৭ নম্বর জার্সি এবার নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় এসেছে বলেও জানালেন পর্তুগালের এই তারকা।

বৃহস্পতিবার দুপুর ৩টে ৫২ মিনিটে প্রকাশিত ৪ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিয়োয় একটি ঘরে সোফায় বসে হাতে লেখা কাগজ দেখে নিজের বক্তব্য পড়তে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। পর্তুগিজ ভাষায় দেওয়া সেই বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না। তবে সময় এসেছে জাতীয় দলের দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার। তাঁর কথায়, ২৩ বছর ধরে পর্তুগালের ৭ নম্বর জার্সির মর্যাদা রক্ষা করতে পারা জীবনের অন্যতম বড় গর্ব।

মাত্র ১৮ বছর বয়সে ২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল মিদেইরার এই কিশোরের। এরপর দেশের হয়ে ২৩৪টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই বিদায় নিচ্ছেন CR7। তাঁর ঝুলিতে রয়েছে ২০১৬ সালের ইউরো কাপ এবং ২০১৮-১৯ ও ২০২৪-২৫ মরশুমের উয়েফা নেশন্স লিগের শিরোপা।

অবসরের বার্তায় রোনাল্ডো স্পষ্ট করেছেন, তাঁর কাছে গোল, ট্রফি কিংবা ব্যক্তিগত রেকর্ডের চেয়েও বড় পর্তুগিজ সমর্থকদের ভালোবাসা। রেকর্ড একদিন ভেঙে যাবে, ট্রফি জায়গা পাবে মিউজিয়ামে, কিন্তু মানুষের হৃদয়ে পাওয়া জায়গা চিরকাল থেকে যাবে বলেই মনে করেন তিনি।
এই দীর্ঘ সফরে পাশে থাকা সতীর্থ, কোচিং স্টাফ, চিকিৎসক, পরিবারের সদস্য এবং নেপথ্যের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক। সতীর্থদের নিজের ইতিহাসের অংশ বলে উল্লেখ করেছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও জাতীয় দলের সমর্থক হিসেবে পাশে থাকার অঙ্গীকার করেছেন রোনাল্ডো।
শেষে মিদেইরার রাস্তায় খালি পায়ে ফুটবলের পিছনে ছোটা ছোট্ট ছেলেটির কথা স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। বিশ্বের সেরা ফুটবলার হওয়ার স্বপ্নের পাশাপাশি বিশ্বের সেরা দেশকে প্রতিনিধিত্ব করাই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে জানিয়েছেন CR7।


Share