Body Recovery

বসিরহাটে একই বাড়ি থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

বারান্দায় ঝুলন্ত অবস্থায় মিলেছে সুদেব গোস্বামীর দেহ। অন্যদিকে, ঘরের বিছানা থেকে উদ্ধার হয়েছে তাঁর স্ত্রী সোমা গোস্বামীর নিথর শরীর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ০৪:৩৩

বসিরহাটের একটি বাড়ি থেকে উদ্ধার হল স্বামী-স্ত্রীর দেহ। বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় মিলল স্বামীর দেহ। অন্যদিকে, ঘরের বিছানায় পড়ে ছিল স্ত্রীর নিথর শরীর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি বসিরহাট থানার ৬ নম্বর ওয়ার্ডের সানাপুকুর এলাকায় ঘটেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে তাঁদের মেয়ে বাবা-মাকে ওই অবস্থায় দেখতে পায়। বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় বাবা ঝুলছিল। তাঁর নাম সুদেব গোস্বামী (৬৩)। ঘরের ভিতরে বিছানায় পড়েছিলেন মা। তাঁর নাম সোমা গোস্বামী (৪৫)। এমন দৃশ্য দেখে মেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এরপরই আত্মীয়দের ফোন করে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন বাড়িতে পৌঁছোন। বসিরহাট থানায় খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের দেহ উদ্ধার করে। প্রাথমিক অনুমান, সুদেব আত্মহত্যা করেছেন। তবে তাঁর স্ত্রী সোমার মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। একই বাড়ি থেকে স্বামী-স্ত্রীর দেহ উদ্ধারের ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা পুলিশ খতিয়ে দেখছে। এর পিছনে পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলতে পারে।


Share