Minor Molestation

দক্ষিণ ২৪ পরগনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার স্কুলশিক্ষক

গল্পের বই দেওয়ার অজুহাতে ছাত্রীকে স্কুলের দোতলায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১১:৪৫

চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল এক স্কুলশিক্ষক। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ অনুযায়ী, গল্পের বই দেওয়ার অজুহাতে ওই ছাত্রীকে স্কুলের দোতলায় নিয়ে যান অভিযুক্ত বাংলা শিক্ষক। পরিবারের দাবি, সেই সময় দোতলায় কেউ উপস্থিত ছিলেন না। সেই সুযোগে শিশুটির শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। স্কুল থেকে বাড়ি ফিরে ওই ছাত্রী তার মাকে গোটা ঘটনা জানায়।

শিশুটির মুখে সব শুনে পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানানো হয়। এরপরই খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকেরা স্কুলে ভিড় জমান। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ ও ঘেরাও শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। এরপর শিশুটির পরিবারের তরফে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অতীতেও একই ধরনের অভিযোগ উঠেছিল। সেই সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। বিষয়টি সামনে আসতেই অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাঁরা স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁদের দাবি, একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে ওই শিক্ষক কর্মরত ছিলেন? পুরো ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।


Share