Cow Smuggling

মসলন্দপুরে গবাদি পশু-সহ পণ্যবাহী গাড়ি আটক, গরু পাচারের অভিযোগে ধৃত একজন

উত্তর ২৪ পরগনার মসলন্দপুরে গরু পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মগরা–মসলন্দপুর রোডে একটি পণ্যবাহী গাড়ি আটক করে তল্লাশিতে তিনটি গোরু ও চারটি বাছুর-সহ মোট সাতটি গবাদি পশু উদ্ধার হয়।

সাতটি গবাদি পশু উদ্ধার হয়
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ১০:৫৪

উত্তর ২৪ পরগনার মসলন্দপুরে গরু পাচারের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে মগরা–মসলন্দপুর রোডে অভিযান চালায় মসলন্দপুর তদন্তকেন্দ্রের পুলিশ। অভিযানের সময় একটি পণ্যবাহী গাড়ি আটক করা হয়। তল্লাশি চালানো হলে সেখান থেকে সাতটি গবাদি পশু উদ্ধার হয়। উদ্ধার হওয়া পশুগুলির মধ্যে রয়েছে তিনটি গোরু এবং চারটি বাছুর।

পুলিশ জানিয়েছে, বিশেষ মোবাইল ভ্যানের নজরদারির সময় সন্দেহজনক ওই গাড়িটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তখন দেখা যায়, গাড়ির ভিতরে থাকা গবাদি পশুগুলির মাথা ও পা দড়ি দিয়ে শক্তভাবে বাঁধা ছিল। ঘটনাস্থল থেকেই গাড়ির চালক সাদ্দাম মণ্ডলকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি পশু পরিবহণের কোনও বৈধ নথি, অনুমতিপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গবাদি পশুগুলিকে বিক্রি বা জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যেই পণ্যবাহী গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, পশুগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল—সেসব বিষয় খতিয়ে দেখছে মসলন্দপুর তদন্তকেন্দ্রের পুলিশ। ঘটনার তদন্ত চলছে।


Share