Mysterious Death

পিংলায় নাবালিকা বধূর রহস্যমৃত্যু, খুন নাকি আত্মহত্যা! গ্রেফতার স্বামী ও শ্বশুর

পশ্চিম মেদিনীপুরের পিংলার কুলতাপাড়ায় এক নাবালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে রহস্য। ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করা হলেও খুনের অভিযোগ তুলেছে মৃতার বাপের বাড়ির লোকজন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পিংলা
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১২:৩০

পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার কুলতাপাড়ায় এক নাবালিকা বধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শ্বশুরবাড়ি থেকে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করা হলেও তা মানতে নারাজ মৃতার বাপের বাড়ির লোকজন। তাঁদের অভিযোগ, মেয়েকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী ও শ্বশুরকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্বশুরবাড়িতে বধূর ঝুলন্ত দেহ দেখতে পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

মৃতার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁদের ফোন করে জানানো হয়, গলায় দড়ি দিয়ে ওই বধু আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তাঁরা সেখানে পৌঁছোন। কিন্তু ঘটনাটি আত্মহত্যা বলে মেনে নিতে পারেননি পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, মৃতার গালে চড় মারার দাগও ছিল। এই ঘটনায় মৃতার জেঠু শ্যামল মণ্ডল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে, বধূর স্বামী ও শ্বশুরের দাবি ছিল, তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত চলছে।


Share