Asset of BJP MLA

লাখপতি থেকে কোটিপতি! ২০২১ থেকে লাফিয়ে বেড়েছে বিজেপি বিধায়কের সম্পত্তি, বিধানসভার অধ‍্যক্ষেকে খতিয়ে দেখতে নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

সেসব রাজনৈতিক কর্মকাণ্ডের কথা মাথায় রেখে ঝুঁকি না নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। গোটা বিষয়টির জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ০৮:২৭

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে প্রথমবার বিধায়ক হওয়ার পর থেকেই লাফিয়ে-লাফিয়ে বেড়েছে সম্পত্তির পরিমাণ। রাতারাতি লাখপতি থেকে হয়ে কোটিপতি গিয়েছেন। শুধু তাই নয়, ছেলে ও মেয়েকে রাতারাতি কেন্দ্রীয় সরকারি সংস্থায় মোটা টাকা বেতনে চাকরিও পাইয়ে দিয়েছেন বলে বলে অভিযোগ উঠেছে। বিধায়কের ক্ষমতা কাজে লাগিয়ে স্ত্রীকে বিপুল পরিমাণ জমির মালিকানা পাইয়ে দিয়েছেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে এমনই একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মধ্যেই দলের বিধায়কের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ জমা পড়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে। সামনেই রয়েছে দুর্গাপুর পুরসভা নির্বাচন এবং তার পরেই রয়েছে লোকসভা নির্বাচন। সেসব রাজনৈতিক কর্মকাণ্ডের কথা মাথায় রেখে ঝুঁকি না নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। গোটা বিষয়টির জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দীর্ঘদিনের বিজেপি কর্মী ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বিগত তৃণমূল সরকারের আমলেও তৃণমূলের স্থানীয় নেতা-নেত্রীদের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন।এমনকী, দুর্গাপুরে একটি জমি বেআইনি ভাবে দখলদারিরোধের জন্য তৎকালীন মণ্ডল সভাপতি ধ্রুবজ্যোতি প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন। দীর্ঘদিন অনশন করেন ধ্রুবজ্যোতি। ধ্রুবজ্যোতির সেই প্রতিবাদে সমর্থন জানাতে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের বর্তমান মন্ত্রী অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। অথচ সেই সময় বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বেও লক্ষণ ঘড়ুই নাকি প্রবজ্যোতির কাছে গিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে রফা করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। যদিও ধ্রুবজ্যোতি সেই প্রস্তাবে সম্মত হননি বলেই দাবি। তার ফলে ব্যক্তিগত আক্রোশ থেকে দলের রাজ্য নেতৃত্বের কান ভাঙিয়ে মন্ডল সভাপতি পদ থেকে অপসারণ করারও অভিযোগ আনা হয়েছ লক্ষণের বিরুদ্ধে। এর পরেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে বিজেপি ক্ষমতায় বসতেই লাফিয়ে-লাফিয়ে লক্ষণের সম্পত্তির পরিমাণ বাড়তে থাকে বলে অভিযোগ করেন ধ্রুবজ্যোতি।

লক্ষণের সম্পত্তির পরিমাণ বাড়তে থাকে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠান তিনি। ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় অভিযোগপত্রে উল্লেখ করেছেন, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ছেলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ইস্পাত বা ইস্টার্ন কোলফিল্ডস-এ মোটা অঙ্কের চাকরি পেয়েছেন। পাশাপাশি বিজেপি বিধায়কের জামাইও নাকি সেখানেই চাকরি পেয়েছেন।

এমনকী, নিজের মেয়ের বিয়েতে দুর্গাপুরের প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা লক্ষণ খরচ করেছেন। সমস্ত অভিযোগের স্বপক্ষে যথাযথ তথ্যপ্রমাণ রয়েছে বলে প্রধানমন্ত্রীকে পাঠানো অভিযোগপত্রে দাবি করেছেন ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। স্পেশাল টাস্ক ফোর্স অথবা ইকোনমিক অফেন্স উইং-এর মতো নিরপেক্ষ কোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে যাবতীয় অভিযোগের তদন্ত করানোর জন্য আবেদন জানান।

ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের আবেদনের পরেই বিধানসভার অধ্যক্ষে অভিযোগপত্রের নথি সমেত প্রধানমন্ত্রীর দফতর নোট পাঠিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে তদন্ত করা হয় তারই নির্দেশ দেওয়া হয়েছে। ধ্রুবজ্যোতির বক্তব্য, বিরোধী আসনে থাকাকালীন দুর্গাপুর গোপালমাঠ অঞ্চলে শ্মশানের পাশে যে জমিটি নিয়ে তিনি আন্দোলনে নেমেছিলেন, সেই এলাকাতেই বিজেপি বিধায়কের স্ত্রীর নামে বিশাল জমির মালিকানা হস্তান্তরিত হয়েছে বলে নথিপত্র প্রকাশ্যে এনেছেন ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ে বিরুদ্ধে তথ্যপ্রমাণ পেয়েছে। এই সমস্ত গুরুতর অভিযোগ জমা পড়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর গত ১২ অক্টোবর বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর প্রিন্সিপাল সচিবকে চিঠি দিয়ে গোটা বিষয়টির নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানিয়েছে।

এলাকার বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার যে সাহস ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় দেখিয়েছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে বিষয়টি তদন্তের জন্য যে অধ্যক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে তা-ও ধ্রুবজ্যোতিকে জানানো হয়েছে।


Share