Molestation

গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়ে শ্লীলতাহানির শিকার নাবালিকা, অভিযুক্ত এক কিশোর

বিজেপি প্রার্থীর অভিযোগ, ঘটনা দুদিন পরেও স্থানীয় প্রশাসন বা শাসকদলের কেউ মেয়েটির খোঁজ নেননি। তাঁর অভিযোগ, রাজ্যে নানা কাণ্ডের মতো তৃণমূল এমন জঘন্য ঘটনাকেও চাপা দেওয়ার চেষ্টা করছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০১:৩২

চতুর্থ শ্রেনীর এক পড়ুয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়ে ১০ বছরের ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে। এমনই অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার হালিশহরে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ছাত্রীটিকে কল্যাণী এমসে ভর্তি করানো হয়েছে।

মেয়েটির পারিবারের দাবি, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির কাছে এক গৃহশিক্ষিকার কাছে সে পড়তে গিয়েছিল। রাতে বাড়ি ফেরার পর সে মাকে শারীরিক অস্বস্তির কথা জানায়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে গিয়ে তিনি চমকে ওঠেন। মেয়ের যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণের বিষয়টি নাবালিকার মায়ের নজরে পড়ে। মেয়ের কাছে ঘটনার বিবরণ শোনেন। সেই রাতেই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।

রবিবার সকালে নির্যাতিতার বাড়িতে যান বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। অন্য দিকে, নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কল্যাণী এমস চত্বরে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীর অভিযোগ, ঘটনার পর দু’দিন পেরিয়ে গেছে। স্থানীয় প্রশাসন বা শাসকদলের কেউ মেয়েটির খোঁজ নেননি। তাঁর অভিযোগ, রাজ্যে নানা কাণ্ডের মতো তৃণমূল এমন জঘন্য ঘটনাকেও চাপা দেওয়ার চেষ্টা করছে। সুদীপ বলেন, “এই পরিবার কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নয়। কিন্তু আমারও তো সন্তান আছে। মানবিকতার খাতিরেই পরিবারের পাশে দাঁড়িয়েছি।” তৃণমূলের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে পুলিশ বিষয়টি দেখছে। ভোটের আগে এই বিষয়টি নিয়ে রাজনীতির চেষ্টা করছেন বিজেপি প্রার্থী।

পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Share