Chinese Manjha

ঘুড়ির চাইনিজ মাঞ্জায় বাড়ছে দুর্ঘটনা, নিষিদ্ধ সুতো বন্ধের দাবিতে রানাঘাট থানায় স্মারকলিপি জমা দিল স্থানীয়রা

অবিলম্বে এই নিষিদ্ধ সুতো বিক্রি ও ব্যবহার বন্ধের পাশাপাশি বিক্রেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়েরা।

রানাঘাট থানায় স্মারকলিপি দিল স্থানীয়রা।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৪:০৬

ঘুড়ি ওড়ানোর চাইনিজ মাঞ্জা সুতো নিষিদ্ধ। কিন্তু রানাঘাট ও সংলগ্ন এলাকায় এই নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা সুতোকে ঘিরে উদ্বেগ বাড়ছে। পথচারী থেকে বাইক আরোহী— একের পর এক দুর্ঘটনার হয়েছে। এই পরিস্থিতিতে চাইনিজ মাঞ্জা সুতো বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ বন্ধের দাবিতে রানাঘাট থানায় স্মারকলিপি দিল স্থানীয়রা।

শনিবার রানাঘাট থানায় গিয়ে পুলিশের হাতে স্মারকলিপি তুলে দেন কয়েক জন স্থানীয়। তাঁদের অভিযোগ, রানাঘাট শহর ও আশেপাশের বিভিন্ন এলাকায়, এমনকি ১২ নম্বর জাতীয় সড়কের ধারেও বহু মানুষ চাইনিজ মাঞ্জা সুতো দিয়ে ঘুড়ি ওড়াচ্ছেন। সেই ধারালো সুতো রাস্তায় নেমে আসছে। ফলে এই সুতো পথচারী, মোটরবাইক আরোহী ও সাইকেল চালকদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তাঁদের দাবি, ইতিমধ্যেই একাধিক মানুষ এই সুতোয় জখম হয়েছেন। কারও গলায়, কারও হাতে বা শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত তৈরি হয়েছে। অনেককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।

এক স্থানীয় পরেশনাথ কর্মকার বলেন, “চায়না মাঞ্জা অত্যন্ত বিপজ্জনক। এই সুতো শুধু মানুষ নয়, পাখিদের জন্যও মারাত্মক ক্ষতিকর। প্রশাসনের কাছে আমাদের আবেদন, অবিলম্বে এই সুতো বিক্রি ও ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি যারা এই নিষিদ্ধ সুতো বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নিতে হবে।”

স্থানীয়দের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে নিয়মিত নজরদারি বাড়ানো এবং সচেতনতা প্রচার চালানোর দাবিও জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছে রানাঘাট থানার পুলিশ।


Share