Drowning

জেঠুর শ্রাদ্ধের বার্ষিক কাজ করতে এসে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর, ডুবুরি আসতে দেরি হওয়ায় ক্ষোভ

নবদ্বীপের বড়ালঘাটে এসে ভাগীরথীতে মঙ্গলবার সকাল ১০ নাগাদ তলিয়ে গেল কিশোর সুজিত সাহা। প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছোয় ডুবুরি দল।

নদীতে তল্লাশিতে নামছে ডুবুরি
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ০৩:২৩

জেঠুর শ্রাদ্ধের বার্ষিক কাজ করতে এসে বিপত্তি। পরিবারের সঙ্গে কিশোর নবদ্বীপের বড়ালঘাটে এসেছিল। সেখানেই কিশোর স্নান করতে নামে। তারপর আচমকা ভাগীরথীর জলে তলিয়ে যায়। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপ থানার বড়ালঘাটে চাঞ্চল্য ছড়ায়। তলিয়ে যাওয়া কিশোরের নাম সুজিত সাহা (১৫)। তার বাড়ি কৃষ্ণনগরের বৌবাজার এলাকার অরবিন্দ রোডে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, জেঠুর শ্রাদ্ধের বার্ষিক কাজ উপলক্ষে এ দিন পরিবারের সদস্যদের সঙ্গে বড়ালঘাটে এসেছিল সুজিত। আচমকাই স্নান করতে নেমে এসে ভাগীরথীর জলে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে। স্থানীয়রাও ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারের চেষ্টা শুরু করেন। প্রশাসনকে খবর দেওয়া হয়।

অভিযোগ, ঘটনার প্রায় তিন ঘণ্টা পরেও ঘটনাস্থলে ডুবুরি এসে পৌঁছোয়নি। ফলত পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়ায়। দ্রুত ডুবুরি এনে তাঁরা জলে তল্লাশি চালিয়ে কিশোরকে উদ্ধারের দাবি জানান। অবশেষে বেলা ১টা নাগাদ ডুবুরি দল এসে ভাগীরথীতে তল্লাশি শুরু করে। পুজোর মুখে নবদ্বীপের বড়ালঘাটে কিশোর তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও নিখোঁজ কিশোরের খোঁজে তল্লাশি চলছে।


Share