Body Recovery

পুকুরে ভাসছিল যুবকের দেহ, শান্তিপুরে উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবকের দেহ, তদন্তে পুলিশ

বোয়ালিয়া বেলপুকুর পাড়া এলাকার পুকুরে দেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দেহ উদ্ধার করে মৃত্যুর কারণ ও যুবকের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

শান্তিপুরে পুকুরে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ০২:৪৭

নদিয়ার শান্তিপুরে পুকুরের জল থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক যুবকের পচাগলা দেহ। রাতের অন্ধকারে শান্তিপুরের বোয়ালিয়া বেলপুকুর পাড়া এলাকার একটি পুকুরে দেহটি পড়ে থাকতে দেখা যায়। প্রথমে বিষয়টি নজরে আসে স্থানীয়দের।খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহটি উদ্ধার করে। তবে এখনও পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলপুকুর পাড়া এলাকায় ফাঁকা রাস্তার পাশে একটি পুকুর রয়েছে। সেই পুকুরেই স্থানীয়রা আচমকা ওই যুবকের দেহ ভাসতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছোয়।

দীর্ঘক্ষণ চেষ্টার পর পুলিশ পুকুর থেকে ওই যুবকের পচাগলা দেহ উদ্ধার করে। সূত্রের খবর, যুবকের পরনে ছিল শুধুমাত্র একটি হাফ প্যান্ট। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের কেউই তাঁকে চিনতে পারেননি বলে জানা গিয়েছে।

কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রহস্য। তাঁকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, মৃত যুবকের পরিচয় জানতে এবং গোটা ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।


Share